জ্বালানি ইস্যুতে নাগরিকদের দুঃসংবাদ শোনাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
আসন্ন শীতে জ্বালানি সংকটে পড়তে পারে ইরানের উত্তরাঞ্চল। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বর্বর হামলায় ইরানের জ্বালানি খাতের উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আসন্ন শীত মৌসুমে দেশটির উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে নাগরিকদের সতর্ক করেছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরিন-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন তেহরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।
তিনি বলেন, জ্বালানি খাতে হামলার কারণে ইরানের প্রায় ২৩ কোটি ঘনমিটার উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১০ কোটি ঘনমিটার উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে বর্তমানে কাজ চলছে।
মোহাজেরানি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জ্বালানি সরবরাহে ঘাটতির একটি পরিস্থিতি মোকাবিলা করে আসছিল। জনগণের সহযোগিতায় গত কয়েকটি শীত ও গ্রীষ্ম মৌসুম কোনোভাবে সামাল দেওয়া সম্ভব হয়েছে।
তবে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে বলে জানান তিনি।
ইরানের সরকারের এই মুখপাত্র বলেন, অতীত বছরের পরিস্থিতির ভিত্তিতে এবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে গভর্নরদের সতর্ক করেছে এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
মোহাজেরানি জানান, সুপ্রিম এনার্জি কাউন্সিলের মাধ্যমে সরকার শিল্পকারখানার কার্যক্রম সচল রাখার পাশাপাশি আবাসিক গ্রাহকদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে ইরান আসন্ন শীতকাল যত কম বিদ্যুৎ বিভ্রাট ও সমস্যা নিয়ে সম্ভব পার করতে পারবে।

