বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম
নিহত দুই পাকিস্তানি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
পাকিস্তানি ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কাসুর জেলার তিন বাসিন্দা সীমান্তের একটি পিলারের কয়েক ধাপ অতিক্রম করেছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুজন নিহত এবং অন্য একজন আহত হন।
পাকিস্তান টেলিভিশন (পিটিভি) দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, নিহত ও আহত তিনজনই নিরস্ত্র বেসামরিক নাগরিক ছিলেন। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো ভিন্ন দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিরা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হয়েছিল।
সীমান্তে এই গোলাগুলির ঘটনা এমন সময়ে ঘটল, যখন মাত্র একদিন আগে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের একটি দাবি নিয়ে আপত্তি জানিয়েছিল। ভারত দাবি করেছিল, তাদের নিরাপত্তা বাহিনী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে লস্কর-ই-তাইবার এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। তবে পাকিস্তান সেই দাবি নাকচ করে একজন ব্যক্তিকে সামনে এনে জানায়, ভারত ভুল ব্যক্তিকে নিহত জঙ্গি হিসেবে শনাক্ত করেছে।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর ভারত ও পাকিস্তান তিনবার যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে দুটি যুদ্ধের কেন্দ্র ছিল কাশ্মীর। বিতর্কিত এই অঞ্চলটি বর্তমানে দুই দেশের মধ্যে বিভক্ত। তবে উভয় দেশই পুরো কাশ্মীরের ওপর নিজেদের দাবি করে আসছে।
২০২৫ সালের এপ্রিল মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হন। হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এরপর দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়তে থাকে।
