হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ এএম
তুরস্কের বিখ্যাত গালাতাসারায় বিশ্ববিদ্যালয়।
|
ফলো করুন |
|
|---|---|
প্যারিসের বিখ্যাত ‘সরবোন বিশ্ববিদ্যালয়ে’ পড়ার সুযোগ অর্জন করেও কেবল হিজাব না খোলার কারণে ফ্রান্সের ভিসা পেলেন না তুরস্কের এক মেধাবী শিক্ষার্থী। বায়োমেট্রিক ছবিতে মাথা ঢেকে রাখার কারণে তার ভিসা বাতিল করা হয় এবং মাথা অনাবৃত রেখে নতুন ছবি জমা দেওয়ার শর্ত দেওয়া হয়। খবর ডেইলি সাবাহর।
ইস্তাম্বুলের বিখ্যাত গালাতাসারায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ইউরোপীয় ইউনিয়নের সম্মানজনক ‘এরাসমাস’ শিক্ষা কর্মসূচির আওতায় সরবোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও বৃত্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফ্রান্সের অনুমোদিত ভিসা কেন্দ্র ‘ভিএফএস গ্লোবাল’-এর মাধ্যমে টানা তিনবার আবেদন করার পরও তাকে ভিসা দেওয়া হয়নি।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে নাম প্রকাশ না করার শর্তে ওই ছাত্রী জানান, ফরাসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সম্পূর্ণ দ্বিমুখী। কারণ, ঠিক একই সময়ে তার অন্যান্য হিজাবি বান্ধবীরা হিজাব পরা ছবি দিয়েই কোনো ঝামেলা ছাড়া ফ্রান্সের ভিসা পেয়েছেন।
প্রথম দুইবার বাসস্থান বা পড়ার কর্মসূচি সংক্রান্ত অযুহাত দেখিয়ে তার আবেদন নাকচ করা হলেও, আসল কারণ লিখিতভাবে জানতে তিনি তৃতীয়বার আবেদন করেন। গত ১৪ সেপ্টেম্বর ইস্তাম্বুলে ফরাসি কনস্যুলেট থেকে পাঠানো জবাবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, তাকে মাথা অনাবৃত ছবি জমা দিতে হবে।
নিজের যোগ্যতায় সুযোগ পাওয়ার পরও তা হাতছাড়া হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ওই শিক্ষার্থী জানান, ধর্মীয় নীতি মেনে চলা তার ব্যক্তিত্বের অংশ এবং কোনো অবস্থাতেই হিজাব খোলা তার পক্ষে সম্ভব নয়।
তিনি আরও বলেন, তুরস্কে অসংখ্য শিক্ষার্থী ফরাসি ভাষায় পড়ালেখা করেন এবং উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যেতে চান। যদি নীতিগত কোনো নিয়ম থাকে, তবে তা আগে থেকেই পরিষ্কার করা উচিত, যেন কোনো শিক্ষার্থীকে এমন হয়রানির শিকার হতে না হয়।
টানা তিনবার ভিসা প্রত্যাখ্যানের পর হতাশা নিয়ে ওই ছাত্রী আর আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভবিষ্যতের শিক্ষার্থীদের সুবিধার্থে ভিসা নিয়মনীতিতে স্পষ্টতা আনারও দাবি জানিয়েছেন তিনি।

