বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম
বাহরাইন ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের ওপর হামলার জন্য আবারও বাহরাইনের ভূখণ্ড ব্যবহার করা হলে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের এক কূটনীতিক বলেছেন, বাহরাইন এ ঘটনায় ‘ভুক্তভোগী নয়’; বরং দেশটি ইরানের বিরুদ্ধে ‘অবৈধ যুদ্ধে’ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জাতিসংঘের তৃতীয় কমিটির বৈঠকে বাহরাইনের এক কূটনীতিকের বক্তব্যের জবাবে এসব কথা বলেন জাতিসংঘে ইরানের মিশনের কূটনীতিক আলি কারিমি মাঘাম।
তিনি বলেন, ‘বাহরাইন মানবাধিকারের কথা বলছে, কিন্তু এসব ঘটনার পেছনে কী রয়েছে, তা উপেক্ষা করছে।’
বাহরাইনকে ভুক্তভোগী হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ ইরানের বিরুদ্ধে একটি অবৈধ যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে।’
ইরানি এই কূটনীতিক আরও বলেন, প্রতিবেশী ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার পর বাহরাইন এখন এর পরিণতি নিয়ে বিস্ময় প্রকাশ করতে পারে না।
জাতিসংঘের তৃতীয় কমিটিতে ইরানের প্রতিনিধি বলেন, ইরান হামলা শুরু করেনি; বরং তাদের ওপর হামলা চালানো হয়েছে। তাই ইরানের পালটা পদক্ষেপ ছিল ‘আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগ’।
তিনি সতর্ক করে বলেন, ‘এই অঞ্চলের কোনো দেশের ভূখণ্ড আবারও ইরানের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করা হলে আমরা তার জবাব দেব।’
বাহরাইনের প্রতিনিধির উদ্দেশে তিনি বলেন, ‘দুটি পথই খোলা আছে। হয় আমরা সবাই মিলে এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করব, অথবা সবাই মিলে অনিরাপত্তার পরিস্থিতি মোকাবিলা করব।’
ইরানি কূটনীতিক বলেন, ‘বাহরাইন এর আগে দ্বিতীয় পথ বেছে নিয়েছিল। তারা যদি আবার একই পথ বেছে নেয়, তাহলে ভিন্ন কোনো ফল আশা করা উচিত নয়।’
তথ্যসূত্র: মেহের


