Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ধসে যাচ্ছে ভারতের শেয়ারবাজার, নেপথ্যে ৫ কারণ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম

ধসে যাচ্ছে ভারতের শেয়ারবাজার, নেপথ্যে ৫ কারণ

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের অর্থনীতি ৭ শতাংশের বেশি হারে বাড়ছে। বৈশ্বিক জ্বালানি সংকট, বাড়তি সুদহার, শুল্ক নিয়ে অনিশ্চয়তা এবং আবহাওয়াজনিত নানা বাধার মধ্যেও বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতির দেশগুলোর একটি ভারত। 

কিন্তু অর্থনীতির এই প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছে না দেশটির শেয়ারবাজার। বরং ২০২৬ সালে বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে ভারতের বাজার অন্যতম দুর্বল অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই পতন আরও তীব্র হয়েছে।

ভারতের প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি টানা আট সপ্তাহ পতনের পর সোমবার (৫ অক্টোবর) থেকে সামান্য ঘুরে দাঁড়িয়েছে। রয়টার্সের হিসাবে, এটি ২৫ বছরের মধ্যে ভারতের শেয়ারবাজারে সবচেয়ে দীর্ঘ পতনের ধারাবাহিকতা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে নিফটিতে বিনিয়োগ করা ক্ষুদ্র ও সাধারণ ভারতীয় বিনিয়োগকারীদের সম্পদের মূল্য প্রায় ১৫ শতাংশ কমেছে। বিপরীতে, একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচকে বিনিয়োগ করলে প্রায় ৬২ শতাংশ এবং গত দুই বছরে ১৭০ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যেত।

বার্নস্টেইন রিসার্চের অনুসারে, গত এক দশকে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগকারীরা যত অর্থ বিনিয়োগ করেছেন, বিক্রি বা প্রত্যাহারের পর নিট হিসাবে সেই অর্থের পরিমাণ প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। শুধু গত দুই বছরেই বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ৪০ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন।

তবে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও খুচরা বিনিয়োগকারীদের বড় অঙ্কের অর্থ এখনো বাজারকে আরও বড় পতন থেকে রক্ষা করছে। মিউচুয়াল ফান্ডে দেশীয় সম্পদের পরিমাণ ২০১৬ সালের প্রায় ১২৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে চলতি বছরে প্রায় ৯০০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। শেয়ার ও মিউচুয়াল ফান্ডে অর্থ রাখা ভারতীয়ের সংখ্যা তিন গুণেরও বেশি বেড়ে ১৫ কোটিতে পৌঁছেছে।

এ কারণে সাম্প্রতিক বাজারপতন আরও উদ্বেগের। কারণ দুর্বল কর্মসংস্থান, উচ্চ মূল্যস্ফীতি ও কমতে থাকা ভোগব্যয়ের চাপে থাকা ভারতীয় পরিবারগুলো এখন তাদের শেয়ারবাজারে রাখা সঞ্চয়ের মূল্যও কমতে দেখছে।

৫ কারণ 

মধ্যপ্রাচ্য সংঘাত ও জ্বালানি সংকট

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে অপরিশোধিত তেলের দাম ৯০ থেকে ১০০ ডলারের মধ্যে রয়েছে। এই পরিস্থিতি প্রত্যাশার চেয়েও দীর্ঘস্থায়ী হয়েছে এবং স্বাভাবিক পরিস্থিতি কবে ফিরবে, তা নিয়েও স্পষ্ট ধারণা নেই।

ফ্র্যাঙ্কলিন টেম্পলটন অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডিয়ার ফান্ড ম্যানেজার হরি শ্যামসুন্দর বলেন, তেলের দাম ৭০ থেকে ৯০ ডলারের মধ্যে থাকলে বাজার তা সামাল দিতে পারে। কিন্তু ১০০ ডলারের ওপরে গেলে মূল্যস্ফীতি, সামষ্টিক অর্থনীতি এবং কোম্পানির আয় ও মুনাফার ওপর চাপ তৈরি হয়।

ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের ৯০ শতাংশের বেশি আমদানি করে। এর প্রায় অর্ধেক তেল এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে আসে।

ভারত রাশিয়াসহ বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানি করে নির্ভরতা কমানোর চেষ্টা করলেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করেছে।

বিশ্বজুড়ে সুদহার বৃদ্ধি

তেলের দাম বাড়ার সঙ্গে মূল্যস্ফীতিও বাড়ছে। এর ফলে বিশ্বজুড়ে সুদহারও ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের কার্যকর সুদহার এখন ৫ শতাংশের ওপরে, যা প্রায় ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।

এসব বন্ডকে তুলনামূলক ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। ফলে সুদহার বাড়লে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারের মতো ঝুঁকিপূর্ণ উদীয়মান বাজার থেকে অর্থ সরিয়ে যুক্তরাষ্ট্রের বন্ডের মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ করতে আগ্রহী হন।

দুর্বল হচ্ছে রুপি

বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরেকটি বড় সমস্যা ভারতের মুদ্রা রুপির দরপতন। ডলারের হিসাবে রুপির মূল্য কমে যাওয়ায় ভারতীয় শেয়ারে বিনিয়োগ থেকে পাওয়া রিটার্নও কমে যাচ্ছে।

গত এক দশকে নিফটি ডলারের হিসাবে বার্ষিক গড়ে মাত্র ৬ শতাংশ রিটার্ন দিয়েছে। বিশ্বের অন্যান্য প্রতিদ্বন্দ্বী বাজারের তুলনায় এই রিটার্ন বিদেশি বিনিয়োগকারীদের কাছে খুব একটা আকর্ষণীয় নয়।

শেয়ারের দাম কমলেও এখনো তুলনামূলক বেশি

গত দুই বছরের বাজার সংশোধনে ভারতীয় শেয়ারের মূল্যায়ন আগের তুলনায় কমেছে। ফলে উদীয়মান অন্যান্য অর্থনীতির তুলনায় ভারতীয় শেয়ারের যে বড় প্রিমিয়াম ছিল, তা অনেকটাই কমে এসেছে।

হরি শ্যামসুন্দরের মতে, গত ১০ বছরের গড়ের তুলনায় ভারতীয় শেয়ারের দাম এখন কম। তবে কোম্পানিগুলোর আয়ের তুলনায় এগুলোর মূল্য এখনো তুলনামূলক বেশি।

এর বিপরীতে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যাপক উত্থান থেকে বড় ধরনের মুনাফা করেছে। ফলে ওই বাজারগুলোর কোম্পানির আয়ও বেড়েছে।

এআই খাতে বড় কোনো নেই ভারতীয় কোম্পানি

ভারতের প্রবৃদ্ধির গল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সামগ্রিকভাবে নতুন অর্থনীতির খাত এখনো বড় একটি ঘাটতি।

বার্নস্টেইন রিসার্চ সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, ভারতের অনেক বড় কোম্পানি পুরোনো অর্থনৈতিক কাঠামোর প্রতিনিধিত্ব করছে। এসব কোম্পানির বড় অংশ ভবিষ্যৎ প্রযুক্তিতে বিনিয়োগের বদলে নিজেদের পুরোনো ব্যবসা ধরে রাখার দিকে বেশি মনোযোগী।

ভারতের ছোট কোম্পানিগুলোও এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি, যাতে বড় বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে।

দেশটি ডেটা সেন্টার ও চিপ তৈরিতে বিনিয়োগ করছে। কিন্তু ওপেনএআই, অ্যানথ্রপিক কিংবা চীনের ডিপসিকের মতো বৈশ্বিক এআই প্রতিষ্ঠান এখনো ভারত তৈরি করতে পারেনি। অথচ এআইয়ের পুরো মূল্যশৃঙ্খলের সবচেয়ে বড় মুনাফার অংশ এখানেই তৈরি হচ্ছে।

বার্নস্টেইনের জানান, মহাকাশ, প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের মতো খাতে ভারতের কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে চলতি দশকের বড় সময়জুড়ে বিনিয়োগের গতিপথে উল্লেখযোগ্য প্রভাব ফেলার মতো পর্যায়ে এসব খাত এখনো পৌঁছায়নি।

সামনে কী হতে পারে

ভারতের শেয়ারবাজার সামনে কোন দিকে যাবে, তা নির্ভর করবে বেশ কিছু তাৎক্ষণিক বিষয়ের ওপর। কেয়ারএজের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা কমলে এবং শেয়ারের মূল্যায়ন তুলনামূলক আকর্ষণীয় হয়ে উঠলে বিদেশি বিনিয়োগ আবার বাড়তে পারে। তবে বাণিজ্য উত্তেজনা ও উচ্চ জ্বালানি দাম করপোরেট কোম্পানিগুলোর আয় ও মুনাফার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

চলতি সপ্তাহ থেকে ভারতীয় কোম্পানিগুলো ত্রৈমাসিক আর্থিক ফল প্রকাশ শুরু করছে। এর মাধ্যমে তেলের দাম ও অন্যান্য সংকটে কোম্পানিগুলোর মুনাফার মার্জিন কতটা চাপে পড়েছে, তা আরও পরিষ্কার হবে।

এদিকে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিলেও দেশীয় সঞ্চয়কারীরা এখনো মিউচুয়াল ফান্ডে নিয়মিত অর্থ বিনিয়োগ করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই পুলিশ কর্মকর্তার পদোন্নতি!

যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই পুলিশ কর্মকর্তার পদোন্নতি!

যেভাবে ভারতের বাজার চীনের ওপর বিপজ্জনকভাবে নির্ভরশীল হয়ে পড়ল

যেভাবে ভারতের বাজার চীনের ওপর বিপজ্জনকভাবে নির্ভরশীল হয়ে পড়ল

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে রাজপথে ইন্ডিয়া জোট

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে রাজপথে ইন্ডিয়া জোট

আরও পড়ুন

দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দিল্লিতে মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

সিএনএন বিশ্লেষণ ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বিশ্বজুড়ে ‘অপ্রতিরোধ্য ট্রাম্পবাদ’

ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু বিশ্বজুড়ে ‘অপ্রতিরোধ্য ট্রাম্পবাদ’

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম