তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে ক্যানসার আক্রান্তের হার, কারণ কী?
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে অন্তত সাত ধরনের ক্যানসারের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে বলে নতুন এক গবেষণায় প্রকাশিত হয়েছে। বিশ্ব ক্যানসার গবেষণা তহবিলের (ডব্লিউসিআরএফ) বিশ্লেষণ অনুযায়ী, অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে।
গবেষণায় দেখা গেছে, ২০০১ সালের পর থেকে ইংল্যান্ডে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের হার চারগুণ বেড়েছে। এ ছাড়া অন্ত্র, কিডনি ও জরায়ুর ক্যানসারে আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।
২০০১ থেকে ২০২৩ সালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতি এক লাখ তরুণের মধ্যে প্রোস্টেট ক্যানসারে আক্রান্তের সংখ্যা ১ থেকে বেড়ে ৩.৬-এ এবং অন্ত্রের ক্যানসারে আক্রান্তের সংখ্যা ৩.৯ থেকে ৮.৪-এ উন্নীত হয়েছে। একই সময়ে স্তন, অগ্ন্যাশয় এবং যকৃতের ক্যানসারের হারও ঊর্ধ্বমুখী।
ইংল্যান্ডের পাশাপাশি আমেরিকা ও নেদারল্যান্ডসের তথ্যেও একই ধরনের চিত্র পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে তরুণদের কিডনি, অন্ত্র, জরায়ু ও অগ্ন্যাশয়ের ক্যানসার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
অন্যদিকে, নেদারল্যান্ডসে জরায়ুমুখ (সারভিক্যাল), কিডনি, যকৃৎ ও অন্ত্রের ক্যানসারে আক্রান্ত তরুণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে আশার কথা হলো, ধূমপান কমে যাওয়ার কারণে তিন দেশেই তরুণদের ফুসফুসের ক্যানসারের হার কিছুটা কমেছে।
বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের মধ্যে ক্যানসারের এই বাড়বাড়ন্তের পেছনে রয়েছে বিশ্বজুড়ে স্থূলতা বা অতিরিক্ত ওজনের বৃদ্ধি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের অভাব, মদ্যপান এবং পরিবেশগত দূষণ (যেমন প্লাস্টিক ও বায়ুদূষণ)।
বিশেষজ্ঞদের মতে, প্রায় ৪০ শতাংশ ক্যানসার প্রতিরোধযোগ্য বা নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সঙ্গে সম্পর্কিত। তবে একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অনেকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, যার ফলে রোগটি প্রাথমিক পর্যায় শনাক্ত হচ্ছে।
যুক্তরাজ্যের কুইন্স বিশ্ববিদ্যালয় বেলফাস্টের অধ্যাপক মার্ক ললার বিষয়টিকে একটি ‘টিকটিক করতে থাকা টাইমবোমা’ হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পরিস্থিতি মোকাবেলায় ও চিকিৎসায় গতি আনতে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে অন্ত্রের ক্যানসার বৃদ্ধির মূল কারণ অনুসন্ধানে আড়াই লাখ মানুষের ওপর একটি বৃহৎ ট্রায়াল বা গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে।

-6ac504c69fb11.jpg)