কিশোরদের সুরক্ষায় ইনস্টাগ্রাম-ফেসবুকে কঠোর বিধিনিষেধ চায় ফ্লোরিডা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম
কিশোর-কিশোরীদের সুরক্ষার স্বার্থে ইনস্টাগ্রাম ও ফেসবুকের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি ফ্লোরিডা অঙ্গরাজ্যের।
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য কিশোর-কিশোরীদের সুরক্ষার স্বার্থে ইনস্টাগ্রাম ও ফেসবুকের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছে। এ লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) আদালতে আবেদন করেছে রাজ্যটির অ্যাটর্নি জেনারেল জেমস উথমেইয়ার। খবর সামা টিভি অনলাইনের।
পাসকো কাউন্টির একটি আদালতে দাখিল করা আবেদনে তিনি বিচারকের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানান। এতে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ও ফেসবুককে ফ্লোরিডায় ১৪ বছরের কম বয়সি ব্যবহারকারীদের শনাক্ত করে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার দাবি করা হয়েছে।
এ ছাড়া ১৪ থেকে ১৭ বছর বয়সি কিশোরদের জন্য মেটার সব অ্যাপ মিলিয়ে দৈনিক ব্যবহারসীমা সর্বোচ্চ দুই ঘণ্টা নির্ধারণ, ‘অটোপ্লে’ ও ‘ইনফিনিট স্ক্রল’-এর মতো আসক্তি বাড়াতে পারে এমন ফিচার বন্ধ করা এবং তাদের কাছে বিজ্ঞাপন প্রদর্শন না করার প্রস্তাবও রাখা হয়েছে। মামলার বিচার চলাকালীন এসব ব্যবস্থা অবিলম্বে কার্যকর করার আহ্বান জানিয়েছে ফ্লোরিডা।
তবে মেটা এ উদ্যোগের বিরোধিতা করেছে। এক বিবৃতিতে কোম্পানিটির একজন মুখপাত্র বলেন, প্রায় সব অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর ফ্লোরিডার উচিত ইউটিউব ও টিকটকের মতো অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নিশ্চিত করা।
তার ভাষ্য, ‘অভিভাবকদের ক্ষমতায়ন এবং কিশোরদের সুরক্ষায় ইউটিউব ও টিকটকের ওপর চাপ প্রয়োগে করদাতাদের অর্থ ব্যয় করা উচিত। এর পরিবর্তে বহু বছর ধরে চলা মামলায় ভিত্তিহীন একটি অন্তর্বর্তীকালীন আদেশের আবেদন করায় আমরা দুঃখিত।’
ফ্লোরিডার অভিযোগ, মেটা জেনেশুনে এমনভাবে তাদের প্ল্যাটফর্ম তৈরি করেছে যাতে তরুণ ব্যবহারকারীরা আসক্ত হয়ে পড়ে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের সেবার নিরাপত্তা নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করেছে বলেও দাবি রাজ্যটির।
দেশজুড়ে বিভিন্ন অঙ্গরাজ্যের করা অনুরূপ মামলাগুলোর মধ্যে ফ্লোরিডার মামলাও একটি। গত আগস্টে মেটা ওয়াশিংটন ডিসিসহ আরও ৪৮টি অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছে। ওই সমঝোতার আওতায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার পরিশোধ এবং কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় কিছু পরিবর্তন আনতে সম্মত হয়।
যদিও সমঝোতায় রাজি হলেও মেটা কোনো ধরনের অনিয়মের অভিযোগ স্বীকার করেনি। কোম্পানিটির দাবি, তারা সবসময়ই কিশোরদের নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছে।
তবে রিপাবলিকান নেতা জেমস উথমেইয়ার ওই সমঝোতায় যোগ না দিয়ে মামলাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আদালতে জমা দেওয়া নথিতে ফ্লোরিডা বলেছে, সমঝোতার শাস্তি ‘হাতে চড় মারার মতো সামান্য’, যা ব্যবসা পরিচালনার স্বাভাবিক খরচ হিসেবেই দেখা হবে এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ ঠেকাতে কার্যকর হবে না।
ফ্লোরিডার প্রস্তাবিত বিধিনিষেধগুলো মেটার সমঝোতায় সম্মত হওয়া শর্তগুলোর চেয়েও কঠোর। কারণ সময়সীমা শেষ হলে কিশোরদের বার্তা আদান-প্রদানের সুবিধাও বন্ধ হয়ে যাবে এবং তাদের কোনো বিজ্ঞাপন দেখানো যাবে না।
তবে ফ্লোরিডার দাবি, অন্যান্য অঙ্গরাজ্যের সঙ্গে হওয়া সমঝোতায় মেটা যেসব পরিবর্তন আনতে সম্মত হয়েছে, সেটিই প্রমাণ করে যে আরও কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ বাস্তবায়ন করা প্রযুক্তিগতভাবে সম্ভব।

-6ac77f9ccd744.jpg)