দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ এএম
নিহত ক্যাপ্টেন এলিয়াভ হাইম তজাপালামুস। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় একটি সাঁজোয়া যান উল্টে ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন সেনা সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত কর্মকর্তার নাম ক্যাপ্টেন এলিয়াভ হাইম তজাপালামুস। তার বয়স ২১ বছর। তিনি হাইফার বাসিন্দা ছিলেন এবং কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ৬০৩ ব্যাটালিয়ন, ৭ ব্রিগেডের কর্মকর্তা ছিলেন।
সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের লিতানি এলাকায় সামরিক কার্যক্রম চলাকালে একটি হুমভি উল্টে গেলে তজাপালামুস নিহত হন।
এ ঘটনায় আহত তিন সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। আহতদের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।
হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ এক বিবৃতিতে তজাপালামুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এলিয়াভ দেশের মানুষ ও দেশের সুরক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
মেয়র আরও বলেন, এলিয়াভ ছিলেন এমন এক প্রজন্মের তরুণ, যাদের সামনে ছিল স্বপ্ন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ। দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার জন্য তারা বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন।
এলিয়াভের মা হালি হাইফা পৌরসভার কর্মী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র ও শহরের বাসিন্দারা।
এদিকে দক্ষিণ লেবাননে পৃথক আরেকটি ঘটনায় আরও দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম কান নিউজ। তাদের আঘাতও গুরুতর নয়। কান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবারুদ ব্যবহারে অসতর্কতার কারণে ওই দুই সেনা আহত হয়ে থাকতে পারেন।

