ছারপোকার উপদ্রবে উড়ল না কোয়ান্টাসের উড়োজাহাজ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ছারপোকার উপদ্রবের অভিযোগে ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইট বাতিল করেছে অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজ। গত শনিবার রোম থেকে পার্থগামী ফ্লাইটটি বাতিল করা হয়। এর ফলে যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি।
সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম নাইন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে,
আগের একটি ফ্লাইটের যাত্রীরা উড়োজাহাজে ছারপোকার কামড়ের শিকার হওয়ার অভিযোগ জানান।
এরপরই ফ্লাইটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ৯ অক্টোবর পার্থ থেকে রোমগামী কিউএফ৫ ফ্লাইটের ইকোনমি শ্রেণির যাত্রীরা এ অভিযোগ করেন। তাদের একজন হেইলি ব্যাগনল নাইন নিউজকে বলেন, ছারপোকাগুলো তাদের ব্যক্তিগত জিনিসপত্র, পোশাক ও কোয়ান্টাসের কম্বলের ওপর দিয়ে চলাচল করছিল। এমনকি জানালার পাশেও সেগুলো দেখা গেছে।
মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে কোয়ান্টাস জানায়, ঘটনাটি
তদন্ত করা হচ্ছে। উড়োজাহাজের ইকোনমি শ্রেণির কয়েকটি আসনে সমস্যা শনাক্ত হওয়ার পর সেটি
ভালোভাবে পরিষ্কার করার জন্য প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দলকে সময় দিতে শনিবারের রোম-পার্থ
ফ্লাইট বাতিল করা হয়। এ ঘটনায় যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
কোয়ান্টাস আরও জানিয়েছে, তাদের উড়োজাহাজের কেবিন নিয়মিতভাবে
উচ্চমান বজায় রেখে পরিষ্কার করা হয়।
বিমান সংস্থাটি জানায়, শনিবারের ফ্লাইটের যাত্রীদের থাকার ব্যবস্থা
করা হয়েছিল এবং বিকল্প ফ্লাইটে তাদের আসন নিশ্চিত করা হয়।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি)
তথ্য অনুযায়ী, ছারপোকা ছোট ও চ্যাপ্টা আকৃতির লালচে-বাদামি রঙের পোকা। সাধারণত মানুষ
ঘুমিয়ে থাকলে এগুলো কামড়ায় এবং রক্ত পান করে। বিশ্বজুড়েই বিভিন্ন পরিবেশে এদের দেখা
যায়।
ছারপোকার কামড় মশার কামড়ের মতো দেখাতে পারে। এতে ত্বক ফুলে যাওয়া
ও চুলকানি হতে পারে। ছারপোকার প্রতি অ্যালার্জি থাকলে উপসর্গ আরও তীব্র হতে পারে।
নামের সঙ্গে ‘বিছানা’ থাকলেও ছারপোকা শুধু বিছানায় থাকে না।
লাগেজ, ভ্রমণের ব্যাগ, ভাঁজ করা পোশাক, বিছানার চাদর ও আসবাবের ভাঁজে লুকিয়ে এগুলো
এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে।
সিডিসি বলছে, ছারপোকার কামড়ে সাধারণত ত্বকে ব্যবহারের ওষুধ বা
লোশন ছাড়া অন্য চিকিৎসার প্রয়োজন হয় না। তবে আক্রান্ত স্থান থেকে ছারপোকা দূর করতে
কীটপতঙ্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হয়।

