তেল আবিবে পরমাণু বোমা ‘বিস্ফোরণের’ ছবি পোস্ট নেতানিয়াহুর!
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের নির্বাচনের মাত্র দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তেল আবিবে পরমাণু বিস্ফোরণের একটি ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরানের কাছ থেকে ‘অস্তিত্বের জন্য হুমকি’ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছর কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
নেতানিয়াহুর পোস্ট করা ছবিতে ঘনবসতিপূর্ণ একটি শহরের ওপর বিশাল মাশরুম আকৃতির ধোঁয়ার মেঘ দেখা যায়। বিস্ফোরণে শহরের বেশ কয়েকটি ভবনও গ্রাস হতে দেখা যায়। ছবিটির সঙ্গে ইসরাইলি লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ইউভাল ব্লুমবার্গের একটি বক্তব্যও শেয়ার করেন তিনি।
পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরাইল বর্তমানে বাস্তব ও স্পষ্ট অস্তিত্বগত বিপদের মুখে রয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে সবকিছু বদলে যাবে। ইরান ও শিয়া অক্ষের কাছ থেকে আসা হুমকির তুলনায় অন্য সব বিষয়ই তুচ্ছ।
তিনি আরও বলেন, মাঝেমধ্যে যেসব সাজানো ও বানোয়াট বিতর্ক তৈরি হয়, সেগুলো ইরানের বিরুদ্ধে অভিযান সম্পন্ন করার মূল লক্ষ্য থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা। বিষয়টি ইসরাইলের প্রতিটি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত।
নেতানিয়াহু লেখেন, ইরানে প্রয়োজনীয় কাজ শেষ করার জন্য ট্রাম্পের হাতে আরও দুই বছর সময় রয়েছে। এরপর কে ক্ষমতায় আসবেন, তা নিশ্চিত নয়। কমলা হ্যারিস কিংবা অন্য কোনো ‘মাঝারি মানের’ ব্যক্তি ক্ষমতায় আসতে পারেন। আগামী বছরগুলোতে ইসরাইলের অস্তিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এটাই সুযোগ বলে মন্তব্য করেন তিনি। এ লক্ষ্য পূরণে রাষ্ট্রের সব প্রয়োজনীয় সম্পদ বিনিয়োগেরও আহ্বান জানান ইসরাইলি প্রধানমন্ত্রী।
তবে নেতানিয়াহুর এ পোস্টের তীব্র সমালোচনা করেছেন তার রাজনৈতিক প্রতিপক্ষরা। ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান অভিযোগ করেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, নেতানিয়াহু ততই নিয়ন্ত্রণ হারাচ্ছেন।
তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী তেল আবিবের ওপর পারমাণবিক বোমার ছবি প্রকাশ করেছেন। তাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা উচিত। নেতানিয়াহু ও তার আশপাশের লোকজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলেও মন্তব্য করেন গোলান।
ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটও নেতানিয়াহুর সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু আবারও ভয় ছড়ানোর ভিডিও প্রকাশ করেছেন। প্রতিটি নির্বাচনি প্রচারের মতো এবারও তিনি মিথ্যা ও আতঙ্ক ছড়ানোর একই কৌশল নিয়েছেন।
আগামী মঙ্গলবার ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে জাতীয় পর্যায়ে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টন করা হয়। ১২০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসন নিশ্চিত করতে হবে।

-6aded4b907691.jpg)