উগান্ডা
৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেফতার
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম
মুজুরিজি মোসেস। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
উগান্ডায় গত ১৫ বছর ধরে তাণ্ডব চালানো এক ভয়াবহ ও নরমাংসভোজী সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। গ্রেফতারকৃত এই আসামির নাম মুজুরিজি মোসেস। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির মাসাকা, ইবান্দা এবং কাজো জেলায় প্রায় ৩৮ জন মানুষকে নির্মমভাবে হত্যা করে তাদের মাংস খাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা এ তথ্য নিশ্চিত করেন। মোসেসকে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়ংকর খুনি হিসেবে উল্লেখ করে তিনি জানান, আসামির প্রকাশ্যে বিচার করা হবে এবং তাকে নিশ্চিতভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।
স্থানীয় তদন্তকারীদের মতে, বছরের পর বছর ধরে অত্যন্ত নৃশংস উপায়ে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়ে আসছিল। মোসেস মূলত পুরো পরিবারকে লক্ষ্য বানাত। রাতের আঁধারে ধারালো অস্ত্র নিয়ে সে বাড়িতে ঢুকে বাসিন্দাদের ওপর হামলা চালাত। এমনকি এক পেন্টেকস্টাল যাজকের বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটিয়েছে তার দলবল। এছাড়া, অনেককে প্রেমের অভিনয় বা সম্পর্কের প্রলোভন দেখিয়ে ডেকে এনে ঠান্ডা মাথায় হত্যা করত সে। এর আগেও কয়েকবার ধরা পড়লেও রহস্যজনকভাবে পালিয়ে যেতে বা মুক্তি পেতে সক্ষম হয়েছিল এই দুর্ধর্ষ অপরাধী।
গ্রেফতারের পর আসামির আস্তানা থেকে একাধিক আলামত উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এলাকার বহু বছরের নিখোঁজ সংবাদ এবং পুরোনো হত্যাকাণ্ডের ফাইলের সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বহু বছর পর এই দুর্ধর্ষ অপরাধী ধরা পড়ায় স্বস্তি ফেরার পাশাপাশি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
সূত্র: এনডিটিভি

-6ae0874b6a54c.jpg)