স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১০
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গত এক বছরেরও কম সময়ের মধ্যে একই রেলপথে এটি দ্বিতীয় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা হওয়ায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল নয়টার কিছু পর মোরা ও ওরগাজের মধ্যবর্তী অঞ্চলে রেনফে এবং ইরিও কোম্পানির দুটি উচ্চগতির ট্রেন একে অপরকে ধাক্কা দেয়। এতে ইরিও ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসনের শঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে, নিহতের সংখ্যা ততই বাড়তে পারে।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে ট্রেনের এক যাত্রী জানান, হঠাৎ করেই তারা প্রায় ১০ সেকেন্ড ধরে চলা এক বিকট শব্দ শুনতে পান, যা তাদের মনে করিয়ে দিয়েছিল ট্রেনটি বুঝি লাইনচ্যুত হতে চলেছে। জানালা দিয়ে তাকিয়ে তারা পাশের আরেকটি বিধ্বস্ত ট্রেন দেখতে পান। এদিকে এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়।
এর আগে গত জানুয়ারি মাসেও একই রেলপথে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রেনের সাথে ধাক্কা খেয়েছিল, যাতে প্রাণ হারিয়েছিলেন ৪৬ জন। এত কম সময়ের মধ্যে একই লাইনে বারবার এমন দুর্ঘটনা ঘটায় রেলওয়ের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
মর্মান্তিক এই ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সমস্ত সরকারি কর্মসূচি স্থগিত করেছেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামী মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন উপলক্ষে সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণাও সাময়িকভাবে বন্ধ রেখেছে। পাশাপাশি, স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসাসেবা দিতে এবং স্বজনদের খোঁজ নিতে জরুরি সহায়তা কেন্দ্র ও আশ্রয়শিবির প্রস্তুত করেছে।
সূত্র: রয়টার্স

