নির্বাচনে ধাক্কার মধ্যে ট্রাম্পের দাবি, ‘আমি থাকলে জিততাম’
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয় এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের দল রিপাবলিকান পার্টির সম্ভাব্য পরাজয় নিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার দাবি, নির্বাচনে তিনি নিজে প্রার্থী হলে রিপাবলিকানরা ভূমিধস জয় পেত। মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমি ব্যালটে ছিলাম না। আর আমি যদি প্রার্থী হতাম, তাহলে আমরা ভূমিধস জয় পেতাম! বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ডের ওপর দেশব্যাপী জনমতের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে জনঅসন্তোষ রিপাবলিকানদের নির্বাচনি অবস্থানে প্রভাব ফেলেছে।
বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ট্রাম্পের জনসমর্থনও রেকর্ড সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে।
এমন পরিস্থিতিতে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ট্রাম্প নিজের দলের সম্ভাব্য বিপর্যয়ের দায় না নিয়ে নির্বাচনে নিজে প্রার্থী না হওয়ার বিষয়টিকেই সামনে এনেছেন।

