গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের সঙ্গে করা চুক্তির অনুমোদন দিয়েছে গ্রিনল্যান্ডের পার্লামেন্ট। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির পার্লামেন্টের পক্ষে ১৬ টি ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট না পড়লেও সাতজন আইনপ্রণেতা ভোটদানে বিরত ছিলেন। ডেনমার্কের সম্প্রচার মাধ্যম ডিআর এ তথ্য জানায়।
চুক্তিটি কার্যকর হতে হলে এখন ডেনমার্কের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। আগামী ১২ নভেম্বর এ বিষয়ে আইন প্রণয়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পার্লামেন্টের অনুমোদনের আনুষ্ঠানিক খবর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানোর পরেই চুক্তিটি কার্যকর হবে।
গত সেপ্টেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে চুক্তিটি সই হয়। এর মাধ্যমে ১৯৫১ সালের প্রতিরক্ষা চুক্তি হালনাগাদ করা হয়েছে। নতুন চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি আর্কটিক অঞ্চলের নিরাপত্তায় ন্যাটোর ভূমিকা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া বা দ্বীপটি যুক্তরাষ্ট্রের আওতায় আনার আগ্রহ প্রকাশ করছে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে কয়েকদিন ধরেই গ্রিনল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে উত্তেজনা চলার পর এই চুক্তি হলো।
সূত্র: আনাদোলু এজেন্সি

