Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম

দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা

Advertisement

রুশ স্বৈরশাসক ভ্লাদিমির পুতিন ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তার অংশ হিসেবে তার বিজ্ঞানীরা চিরযৌবনের রহস্য উন্মোচনের উদ্দেশ্যে বয়স্ক বানরদের নিয়ে গবেষণা করছেন। শুনতে গল্প মনে হলেও, এই অসম্ভব স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে মরিয়া পুতিন।

৭৪ বছর বয়সি পুতিনের দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় শুরু হয়েছে এক রহস্যময় বৈজ্ঞানিক অভিযান। যেখানে মানুষের আয়ু বাড়ানোর সূত্র খুঁজতে গবেষণার কেন্দ্রে হাজার হাজার বানর। তাদের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি থেকে শুরু করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ—কোনো কিছুই বাদ যাচ্ছে না পরীক্ষার তালিকা থেকে। কিন্তু ঠিক কী খুঁজছেন বিজ্ঞানীরা? বানরের শরীরে লুকিয়ে থাকা কোন জৈবিক রহস্য বদলে দিতে পারে মানুষের মৃত্যুর সময়সীমা? আর এই গবেষণার চূড়ান্ত লক্ষ্য কি সত্যিই মৃত্যুকে জয় করা?

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল, দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই গবেষণার বিস্তারিত। এর নেতৃত্বে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা বলে পরিচিত ৮০ বছর বয়সি মিখাইল কোভালচুক। তার পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে আছে ২২ প্রজাতির সাত হাজারেরও বেশি বানর। গবেষণার বিশেষ লক্ষ্য দীর্ঘজীবী বানরদের একটি দল, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের বেশি।

সম্প্রতি মস্কোয় কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। করা হচ্ছে মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা। 

তিনি বলেন, মানুষের সঙ্গে সবচেয়ে বেশি শারীরবৃত্তীয় মিল থাকায় প্রাইমেট বা এই বানরদের ওপর গবেষণা মানুষের আয়ু বাড়ানোর ভিত্তি তৈরিতে সহায়ক হতে পারে।

কেবল পরীক্ষা নিরীক্ষাই নয়, দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণে বিশেষ বায়োব্যাংকও তৈরি করেছেন রুশ গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এ প্রকল্প। 

কেন্দ্রের পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। এদিকে পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন মহলে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনকে। খোলা মাইক্রোফোনে ধরা পড়া সেই কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনার কথাও উঠে আসে।

পরে মস্কোতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক প্রদর্শনীতে পুতিন নিজেই বলেন, মানুষের পক্ষে ১৫০ বছর বেঁচে থাকা সম্ভব হতে পারে। তবে এটুকু আয়ুও যথেষ্ট নয় বলে অভিমত তার।

মানুষকে দীর্ঘায়ু করার চেষ্টায় বৈজ্ঞানিক তৎপরতার ক্ষেত্রে বানরের গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও গবেষণা চলছে রাশিয়ায়। ২০২৭ থেকে ২০২৯ সালের জন্য দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

মানুষের আয়ু বাড়ানোর চেষ্টায় চলতে থাকা এসব অভিযানে যুক্ত আছেন পুতিনের মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় এন্ডোক্রিনোলজিস্ট বা অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানান।

অর্থাৎ, পুতিনের স্বপ্ন কেবল দীর্ঘদিন ক্ষমতায় থাকা নয়, বিজ্ঞানের সাহায্যে মানুষের স্বাভাবিক আয়ুর সীমাকেও চ্যালেঞ্জ করা। তবে বানরের শরীরে বার্ধক্যের রহস্য খুঁজে পেলেই যে মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে, তার কোনো নিশ্চয়তা এখনো নেই। মৃত্যুকে ফাঁকি দেওয়ার এই অভিযানে রাশিয়া কতটা সফল হয়, সময়ই তা বলে দেবে। 

সূত্র: ডেইলি মেইল, দ্য সান

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

ট্রাম্পের অনুরোধে ৪ বছর পর মার্কিন বন্দিকে মুক্তি দিলেন পুতিন

ট্রাম্পের অনুরোধে ৪ বছর পর মার্কিন বন্দিকে মুক্তি দিলেন পুতিন

আরও পড়ুন

দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা

দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম