Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

Icon

বিবিসি বাংলা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

দিল্লিতে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। 

এর মধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন।

এখন পর্যন্ত নিজের সেই অবস্থানে অনড় থাকলেও দেশে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে তার আশ্রয়দাতা দেশ ভারত সরকারও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হলেও প্রায় দুই বছর ধরে বিষয়টি ঝুলিয়ে রেখেছে ভারত। 

এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারবার বলেছেন, এটি একটি আইনি বিষয় এবং আইনগতভাবেই এর সমাধান করা হবে।

কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে? তার এই ঘোষণার পেছনে দিল্লির কোনো ভূমিকা রয়েছে কি? দেশে ফেরার পথ সুগম করতে ভারত কি পর্দার আড়ালে কোনো উদ্যোগ নিচ্ছে?

দিল্লি পুরো বিষয়টিকে কীভাবে দেখছে এবং শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনে ভারতের অবস্থান কী, সেসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের সম্পৃক্ততা কতটা?

বিবিসির প্রতিবেদনে দিল্লির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে দেশে ফেরার এমন ঘোষণা দেননি। অর্থাৎ শেখ হাসিনা ও ভারতের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে বলেই তার এই ঘোষণা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকেরা।

দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। বিষয়টি শুধু ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত এবং বাংলাদেশের আদালতে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন আশ্রয় দিয়ে রাখার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও প্রশ্নের জন্ম দিয়েছে।

ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক সমাধান হতে পারত শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে চলে যাওয়া। অতীতে বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে দিল্লির আলোচনা হলেও নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি।

এ অবস্থায় ভারত মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।

এ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় করার ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দিল্লির নীতিনির্ধারকেরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়া বিদেশি অতিথিদের সঙ্গে দেশটির সরকার নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা ও ব্রিফিং করে থাকে। শেখ হাসিনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এসব আলোচনায় তাকে ভারতের মনোভাব সম্পর্কে অবহিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। 

দুই পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা হওয়ার পরই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রত্যর্পণের অনুরোধ ঝুলিয়ে রেখেছে কেন ভারত?

শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ২০২৪ সালের ডিসেম্বরেই কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার। পরবর্তী সময়ে একাধিকবার এ বিষয়ে তাগাদাও দেওয়া হয়েছে।

তবে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের অনুরোধে ইতিবাচক বা নেতিবাচক কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।

প্রশ্ন উঠেছে, ভারত যদি সত্যিই শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি সমর্থন করে, তাহলে প্রত্যর্পণের অনুরোধে সাড়া দিতে সমস্যা কোথায়?

বিবিসির প্রতিবেদনে দিল্লির পর্যবেক্ষকদের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত রাজনৈতিক মিত্র। তাকে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার মতো পদক্ষেপ নিতে চায় না ভারত।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অতীতে হাতকড়া পরিয়েও বিদেশ থেকে বন্দি ফিরিয়ে আনার নজির থাকার কথা বলেছেন। তবে শেখ হাসিনার ক্ষেত্রে ভারত এমন কোনো পদক্ষেপ নেবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।

তাদের মতে, এমনটি করা হলে বিদেশে ভারতের অন্যান্য মিত্র রাজনৈতিক নেতাদের কাছেও নেতিবাচক বার্তা যাবে। নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের মতো দেশের নেতারা ভবিষ্যতে ভারতের ওপর আস্থা রাখার ক্ষেত্রে দ্বিধায় পড়তে পারেন।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতে পৌঁছান, তখন তিনি বাংলাদেশের আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না; ছিলেন প্রতিবেশী দেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। ভারতের দৃষ্টিতে তার সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু আইনি সুযোগ রয়েছে, যার মাধ্যমে কোনো প্রত্যর্পণের অনুরোধ দীর্ঘদিন বিবেচনাধীন রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধের ক্ষেত্রেও ভারত সেই আইনি সুযোগ ব্যবহার করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কোন শর্তে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় দিল্লি?

বিবিসির প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে।

প্রথমত, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে করে তিনি ভারতে পৌঁছেছিলেন। এবার তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা চায় দিল্লি।

এ ক্ষেত্রে আকাশপথ কিংবা স্থলপথ—দুই ধরনের ব্যবস্থাই বিবেচনায় রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী একটি সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে তাকে ফিরিয়ে নিতে পারে। অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানেও তাকে গ্রহণ করা হতে পারে।

এ ধরনের প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও আয়োজন করতে ভারত প্রস্তুত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় শর্ত হলো, বাংলাদেশে ফিরে শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারপ্রক্রিয়া নতুন করে পর্যালোচনার সুযোগ পান, সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে যেন বিষয়টি বিবেচিত না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে চায় ভারত। এ কারণে দিল্লি প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করছে না।

প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ভারত শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দিতে চায় না। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচার পাওয়ার সুযোগ পান, সেটিই নিশ্চিত করতে চায়।

এ ছাড়া বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে থাকুক, সেটিও ভারত চাইবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।

এই দুটি শর্ত পূরণের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে দিল্লি কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনে দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আকস্মিকভাবে দিল্লি সফর করেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন তিনি।

ভারতের একটি শীর্ষ সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের বিশেষ কোনো কারণ থাকার কথা নয়। তাই এই বৈঠকের পেছনে বিশেষ কোনো পরিস্থিতি বা উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।

ওই সূত্রের ইঙ্গিত, শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ আলোচনা হয়ে থাকতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত দুই থেকে আড়াই বছরে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে নানা টানাপোড়েন থাকলেও দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এবং তার পূর্বসূরিরাও বিভিন্ন সময়ে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের আগে থেকেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল।

দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান এই যোগাযোগ শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ভারতের সামরিক সূত্রের মতে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করাও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে দেশে ফেরার পর তার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী গ্রহণ করুক, সেটিই চায় দিল্লি।

ডিসেম্বরে কি দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে ভারতের কর্মকর্তারা মনে করছেন, তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা অন্য জায়গায়।

বিবিসির প্রতিবেদনে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ সরকার প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাস্তবে তাকে দেশে ফিরিয়ে নিতে খুব একটা আগ্রহী নয় বলে মনে করছে দিল্লি।

ভারতের কর্মকর্তাদের ধারণা, জ্বালানি খাতের সংকট থেকে শুরু করে তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের সরকার। এ পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে ঢাকার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া তার প্রত্যাবর্তনের জন্য বিচারপ্রক্রিয়া, নিরাপত্তা, সেনাবাহিনীর ভূমিকা এবং দুই দেশের মধ্যে সমঝোতাসহ বেশ কিছু বিষয় নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

সবকিছু আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে, এমন সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষকেরা।

তাদের মতে, ঘটনাপ্রবাহে বড় ধরনের নাটকীয় পরিবর্তন না এলে ডিসেম্বর মাসে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিচ্ছেদের মুখে পৌঁছেছিল ইন্দিরা-ফিরোজের দাম্পত্য, শেষ পর্যন্ত ভালোবাসার বন্ধন অটুট

বিচ্ছেদের মুখে পৌঁছেছিল ইন্দিরা-ফিরোজের দাম্পত্য, শেষ পর্যন্ত ভালোবাসার বন্ধন অটুট

হিমালয়ে ব্যাঙের নতুন পাঁচ প্রজাতির সন্ধান

হিমালয়ে ব্যাঙের নতুন পাঁচ প্রজাতির সন্ধান

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

আরও পড়ুন

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

এনভিডিয়ার নতুন অন্তর্বর্তী সিইও, কে এই কোলেট ক্রেস

এনভিডিয়ার নতুন অন্তর্বর্তী সিইও, কে এই কোলেট ক্রেস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম