Logo
Logo
×

Advertisement

ভারত

হিমালয়ে ব্যাঙের নতুন পাঁচ প্রজাতির সন্ধান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

হিমালয়ে ব্যাঙের নতুন পাঁচ প্রজাতির সন্ধান

ভারতে আবিষ্কৃত শামুক খাওয়া শিংওয়ালা ব্যাঙ। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের পূর্ব হিমালয় অঞ্চলে ক্ষুদ্র আকৃতির শিংওয়ালা ব্যাঙের নতুন পাঁচটি প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এসব প্রজাতি আবিষ্কারের ফলে এ ধরনের ব্যাঙের পরিচিত প্রজাতির সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী পাঁচ বছর ধরে মাঠপর্যায়ে গবেষণা চালিয়ে নতুন প্রজাতিগুলোর সন্ধান পান। তারা ব্যাঙগুলোকে ‘জিঙ্গোফ্রিস’ গোত্রের সদস্য হিসেবে শনাক্ত করেছেন।

নতুন প্রজাতিগুলোর একটি হলো ‘জিঙ্গোফ্রিস তানোগোগো’, যা শামুকখেকো শিংওয়ালা ব্যাঙ নামে পরিচিত। ভারতে শামুক খায়, এমন ব্যাঙের এটিই প্রথম শনাক্ত প্রজাতি।


গবেষণায় বলা হয়েছে, ব্যাঙের বিবর্তনে হিমালয়ের ভূমিকা আগের ধারণার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও অঞ্চলটির অনেক অংশ এখনো বিজ্ঞানীদের কাছে অজানা রয়ে গেছে।

হিমালয়ের বিস্তীর্ণ এলাকায় গ্রীষ্মমণ্ডলীয় বন থেকে শুরু করে আল্পাইন তৃণভূমি পর্যন্ত নানা ধরনের পরিবেশ রয়েছে। জীববৈচিত্র্যের দিক থেকে অঞ্চলটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ এলাকা। তবে বিজ্ঞানীদের আগ্রহ থাকা সত্ত্বেও এর অনেক জায়গা এখনো বিস্তারিতভাবে অনুসন্ধান করা হয়নি। বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশকে হিমালয়ের সবচেয়ে কম গবেষণা হওয়া অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অব কম্পারেটিভ জুলজির গবেষক ড. সোনালি গার্গ এই গবেষণার নেতৃত্ব দেন। তিনি বলেন, কম গবেষণা হওয়া প্রজাতির মধ্যেও বিবর্তনের বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে, যা অনেক সময় নজরে আসে না। নতুন গবেষণা সেই বিষয়টিই সামনে এনেছে।


‘টু-ফোল্ড হিডেন ডাইভারসিটি অব ডিমিনিউটিভ হর্নড ফ্রগস (মেগোফ্রাইন: জিঙ্গোফ্রিস)’ শীর্ষক গবেষণাটি সোনালি গার্গের সঙ্গে হার্ভার্ডের সহকর্মী জেমস হ্যাঙ্কেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের এসডি বিজু, তাগে তাজো ও কে রাধাকৃষ্ণ উপাধ্যায় যৌথভাবে পরিচালনা করেন। গত ১১ নভেম্বর গবেষণাটি ‘রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়।


গবেষক এসডি বিজু বলেন, নতুন আবিষ্কৃত কিছু প্রজাতি অত্যন্ত গোপনীয় স্বভাবের। প্রজনন মৌসুমে অল্প সময়ের জন্য কেবল দুর্গম বনে তাদের দেখা পাওয়া যায়। এসব ব্যাঙের জীববৈশিষ্ট্য ও সংরক্ষণের প্রয়োজনীয়তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন।

ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, কয়েক কোটি বছর ধরে হিমালয় পর্বতমালা উঁচু হয়ে ওঠা এবং এশীয় মৌসুমি বায়ুর বিকাশের সঙ্গে সঙ্গে শিংওয়ালা ব্যাঙগুলো পূর্ব হিমালয়ে দ্রুত বিবর্তিত হয়ে একাধিক প্রজাতিতে বিভক্ত হয়েছে। এ প্রক্রিয়া ওই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর বিবর্তনেও ভূমিকা রেখেছে।

গবেষকরা জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীর সদস্যরা মাঠপর্যায়ের গবেষণায় প্রয়োজনীয় সহযোগিতা ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবিষ্কারগুলো সম্ভব করেছেন। নতুন প্রজাতিগুলোর কয়েকটির নামকরণ করা হয়েছে এসব জনগোষ্ঠীর নাম অনুসারে।

যেমন, ‘জিঙ্গোফ্রিস তানিইতাতি’ বা তানি শিংওয়ালা ব্যাঙের নাম রাখা হয়েছে স্থানীয় তানি জনগোষ্ঠীর নাম এবং তাদের ব্যবহৃত আপাতানি ভাষার ‘তাত্তি’ শব্দের সমন্বয়ে। আপাতানি ভাষায় ‘তাত্তি’ অর্থ ব্যাঙ।


নতুন আবিষ্কৃত পাঁচ প্রজাতির নাম হলো জিঙ্গোফ্রিস তানিইতাতি (তানি শিংওয়ালা ব্যাঙ), জিঙ্গোফ্রিস তানোগোগো (শামুকখেকো শিংওয়ালা ব্যাঙ), জিঙ্গোফ্রিস সিয়াংয়েনসিস (সিয়াং শিংওয়ালা ব্যাঙ), জিঙ্গোফ্রিস হার্ডি (হার্ডির শিংওয়ালা ব্যাঙ) এবং জিঙ্গোফ্রিস উ-লারসনি (উ-লারসনের শিংওয়ালা ব্যাঙ)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

বোনের এক প্রশ্নে ২৬ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ইসরাইল থেকে কেন নজরদারির প্রযুক্তি কিনছে ভারত?

আরও পড়ুন

হিমালয়ে ব্যাঙের নতুন পাঁচ প্রজাতির সন্ধান

হিমালয়ে ব্যাঙের নতুন পাঁচ প্রজাতির সন্ধান

ভারতে কমল স্বর্ণের দাম

ভারতে কমল স্বর্ণের দাম

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

দুই বছরের মধ্যে সর্বোচ্চ ভারতের মূল্যস্ফীতি

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

বিজেপিকে ঠেকাতে ওয়াইসি-আজাদের জোট, কংগ্রেস-এসপির কী হবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম