Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাবার ভেতরে প্রবেশের বিরল সম্মান পেলেন টিনুবু, কী বার্তা দিচ্ছে সৌদি আরব?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

কাবার ভেতরে প্রবেশের বিরল সম্মান পেলেন টিনুবু, কী বার্তা দিচ্ছে সৌদি আরব?

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।

Advertisement

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বিরল এক সম্মান পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। তার জন্য খুলে দেওয়া হয় পবিত্র কাবার দরজা। কাবার অভ্যন্তরে প্রবেশ করে নামাজ ও প্রার্থনা করেন তিনি। রাষ্ট্রপ্রধান, রাজা ও বিশেষ গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য সংরক্ষিত এই সম্মানকে ঘিরে নাইজেরিয়ায় ধর্মীয় আবেগের পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনাও শুরু হয়েছে।

গত ১ নভেম্বর সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার দরজা খুলে দেওয়া হয় টিনুবুর জন্য। তার সঙ্গে দেশটির কয়েকজন রাজ্য গভর্নর, ছেলে ইয়িনকা, শিল্পোদ্যোক্তা ও সরকারি কর্মকর্তারাও কাবার ভেতরে প্রবেশ করেন। তাদের মধ্যে ছিলেন বুয়া গ্রুপের চেয়ারম্যান আবদুল সামাদ রাবিউ ও ওন্দোর প্রধান নির্বাহী ওয়ালে টিনুবু।

কাবার ভেতরে নামাজ আদায়ের পাশাপাশি হাজরে আসওয়াদ বা কালো পাথরেও চুম্বন করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। এ সময় কাবার চারপাশের কাপড় ও নিরাপত্তাবেষ্টনীতে নাইজেরিয়ার জাতীয় পতাকার রং সবুজ-সাদা-সবুজের সাজ দেখা যায়।

এর আগে বৃহস্পতিবার মক্কায় পৌঁছে শুক্রবার ভোরে মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টিনুবু। কাবাকে সাতবার প্রদক্ষিণ এবং সাফা-মারওয়া সাঈ শেষে নাইজেরিয়ার শান্তি, ঐক্য, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন তিনি।

কাবার ভেতরে প্রবেশের পর নাইজেরিয়া টেলিভিশন অথরিটির প্রতিবেদক মুসবাউ দান-ওয়াহাবকে দেওয়া এক সাক্ষাৎকারে টিনুবু বলেন, এই সফর সমৃদ্ধ নাইজেরিয়া গড়ার প্রতি তার অঙ্গীকার আরও দৃঢ় করেছে। বিশেষ সম্মানের জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

টিনুবু বলেন, ‘কাবার চারপাশের কাপড়ে নাইজেরিয়ার জাতীয় পতাকার রং সবুজ-সাদা-সবুজ দেখে আমি অভিভূত হয়েছি। কাবার ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান। এটি ইতিহাস হয়ে থাকবে।’

কাবার ভেতরে কী প্রার্থনা করেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জনগণের সেবা চালিয়ে যাওয়ার জন্য প্রজ্ঞা ও দৃঢ়তা চেয়েছি। আমি জানি, সেই প্রার্থনা কবুল হয়েছে।’

প্রেসিডেন্টের সঙ্গে কাবার ভেতরে প্রবেশ করা ব্যবসায়ী আবদুল সামাদ রাবিউ এই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম বড় সম্মান হিসেবে বর্ণনা করেছেন। বহুবার হজ ও ওমরাহ পালন করলেও আগে কখনো কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাননি তিনি।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবের সরকারি সফরে গিয়ে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি ও তার সফরসঙ্গীরাও কাবার অভ্যন্তরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।

কূটনৈতিক বার্তা কতটা গুরুত্বপূর্ণ?

বিশ্লেষকদের মতে, কাবার দরজা খুলে দেওয়ার এই ঘটনা কেবল ধর্মীয় সম্মান নয়, এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তাও। রাষ্ট্রপ্রধান ও বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত এই সুযোগ সৌদি আরবের পক্ষ থেকে নাইজেরিয়ার প্রতি উচ্চপর্যায়ের শ্রদ্ধা ও গুরুত্বের প্রতিফলন।

বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং হজযাত্রীদের কোটা সম্প্রসারণের মতো বিষয়ে নাইজেরিয়া যখন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাইছে, তখন এই সম্মান দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।      

নাইজেরিয়ার রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে

২০২৭ সালের জানুয়ারিতে নাইজেরিয়ার নির্বাচন সামনে রেখে টিনুবুর কাবার ভেতরে প্রবেশের ঘটনাটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে দেশটির মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলের ভোটারদের মধ্যে এই ঘটনা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

গত ২৪ অক্টোবর কাদুনায় নির্বাচনি প্রচারণা শুরুর কয়েক দিন পর এমন একটি ঘটনা তার ধর্মীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল নেতৃত্বের ভাবমূর্তি আরও জোরালো করতে পারে। একই সঙ্গে দক্ষিণ কাদুনা, মিডল বেল্ট ও দক্ষিণ-পূর্বাঞ্চলের খ্রিষ্টান সমর্থকদের কাছেও দেশের জন্য প্রার্থনা করা একজন রাষ্ট্রপ্রধানের বার্তা পৌঁছাবে।

এদিকে টিনুবু তার সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের প্রতিও নতুন করে অঙ্গীকারের কথা জানিয়েছেন। জ্বালানি ভর্তুকি প্রত্যাহার, বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবস্থায় পরিবর্তন, করব্যবস্থার আধুনিকীকরণ, ন্যূনতম মজুরি বৃদ্ধি, পেনশন বকেয়া পরিশোধ ও শিক্ষার্থীদের ঋণ কর্মসূচির মতো উদ্যোগকে সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

কাবার ভেতরে প্রজ্ঞা ও দৃঢ়তার জন্য প্রার্থনা করে দেশে ফিরে আবারও উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনি প্রচারণায় মনোযোগ দেওয়ার কথা রয়েছে টিনুবুর। দেশে ফিরে প্রথমে আকওয়া ইবোম রাজ্যে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এরপর ৭ নভেম্বর রিভার্স রাজ্যের পোর্ট হারকোর্টে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে কাবার ভেতরে প্রবেশের বিরল এই সম্মান টিনুবুর জন্য যেমন ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ, তেমনি নাইজেরিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক এবং দেশটির আসন্ন নির্বাচনি রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি

সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি

সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের

সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের

সৌদি-কাতারে বোমা হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ

সৌদি-কাতারে বোমা হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ, কমান্ডার বদলাল সৌদি আরব

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ, কমান্ডার বদলাল সৌদি আরব

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

আরও পড়ুন

হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’

হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’

কাবার ভেতরে প্রবেশের বিরল সম্মান পেলেন টিনুবু, কী বার্তা দিচ্ছে সৌদি আরব?

কাবার ভেতরে প্রবেশের বিরল সম্মান পেলেন টিনুবু, কী বার্তা দিচ্ছে সৌদি আরব?

নতুন করে দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কা ক্লক টাওয়ার

নতুন করে দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কা ক্লক টাওয়ার

সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি

সৌদির কিছু অংশ দখল হয়ে গেছে, মার্কিন সাংবাদিকের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম