গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রতিপক্ষকে নিয়ে আসেন প্রেমিকা, অতঃপর…
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের হরিয়ানার রোহতকে মিলান ধাবায় চার হত্যাকাণ্ডের ঘটনায় নতুন রহস্যের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। গ্যাংস্টার সানি রিতোলিয়ার প্রেমিকা জাহ্নবীর বিরুদ্ধে প্রতিপক্ষ ভাউ রিতোলিয়া গ্যাংয়ের তথ্যদাতা হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, সানির গতিবিধির তথ্য প্রতিপক্ষকে জানাতেই পরিকল্পিতভাবে তার ঘনিষ্ঠ হয়েছিলেন জাহ্নবী।
পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন মাস আগে পরিকল্পনার অংশ হিসেবে সানির জীবনে প্রবেশ করেন জাহ্নবী। সানির আস্থা অর্জন করে তার চলাফেরার ওপর নজর রাখা এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রতিপক্ষের কাছে পৌঁছে দেওয়াই ছিল কথিত পরিকল্পনার উদ্দেশ্য।
সূত্রগুলোর দাবি, সানির অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের পর মিলান ধাবার অবস্থান প্রতিপক্ষ গ্যাংকে জানিয়ে দেন জাহ্নবী। ফলে হামলাকারীরা সঠিক সময়ে সেখানে পৌঁছাতে সক্ষম হয়। ওই হামলায় চার তরুণ নিহত হন। তবে সানি ধাবার পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের পর বিদেশে পালানোর কথিত চুক্তি
তদন্তে জাহ্নবীর ভারত ছাড়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সূত্রের দাবি, হামলার পরপরই প্রতিপক্ষ গ্যাংয়ের সঙ্গে তার একটি চুক্তি হয়েছিল। সানির গতিবিধির তথ্য দেওয়ার বিনিময়ে তাকে দেশ ছাড়তে সহায়তা করার কথা ছিল।
প্রতিবেদন অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে চার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন সকালে জাহ্নবীর ব্যাংককগামী একটি বিমানে ওঠার কথা জানা গেছে। পুলিশ তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারির প্রক্রিয়া শুরু করলেও ততক্ষণে তিনি ভারতের সীমান্ত পেরিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ব্যাংকক থেকে জাহ্নবী অন্য কোনো দেশে গেছেন কিনা। তার আন্তর্জাতিক যাতায়াতের তথ্য সংগ্রহকে তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চিহ্নিত পাঁচ হামলাকারী, চারজনের পরিচয় জানার দাবি
এ ঘটনায় হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে শনাক্ত করেছে তদন্তকারীরা বলে জানা গেছে। সূত্রের দাবি, তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
জাহ্নবীর পরিবারের অতীত নিয়েও তদন্ত করছেন কর্মকর্তারা। সূত্রগুলোর দাবি, উত্তর প্রদেশে একটি গ্যাংয়ের হাতে তার বাবা ও চাচা হত্যার শিকার হয়েছিলেন। অতীতের এসব ঘটনা, প্রতিপক্ষ গ্যাংয়ের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ এবং কথিত ফাঁদ পেতে সানির ঘনিষ্ঠ হওয়ার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কে এই রহস্যময়ী জাহ্নবী?
জাহ্নবী উত্তর প্রদেশের আলোচিত নারী গ্যাংস্টার বাবলি দেবীর মেয়ে। বাবলি একসময় পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন অপরাধীর সংস্পর্শে আসেন। পরে নিজেই একটি গ্যাং গড়ে তোলেন বলে পুলিশি নথির বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ভাড়াটে খুনি দিয়ে হত্যার মতো গুরুতর অপরাধের অভিযোগ ছিল। পুলিশ তার মাথার দামও ঘোষণা করেছিল। একাধিকবার কারাবরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পাশাপাশি তার সম্পত্তি জব্দ করা হয়েছিল। তিনি গ্রামের প্রধানের দায়িত্বও পালন করেছেন।
জাহ্নবীর বাবা বিবেক ওরফে ভিকি মালিক চলতি বছরের মার্চে বাগপতে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিতে নিহত হন। গ্রামের প্রধান নির্বাচন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবীর বিয়ে হয়েছিল এবং তিনি হরিয়ানার পানিপথে বসবাস করতেন। পরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়।
সূত্র: এনডিটিভি
