এমপিদের ভয় দেখানোর অভিযোগ, দিল্লি যাচ্ছেন মমতা
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় পার্লামেন্টে বিশেষ অধিবেশনের আগে দেশটির রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিজের দলের এমপিদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ পরিস্থিতিতে দ্রুত দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বিকালে কলকাতায় নিজের বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান মমতা।
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমি দিল্লি যাচ্ছি। দলের জ্যেষ্ঠ নেতারা বারবার ফোন করছেন। তারা বিশেষ বিমানের ব্যবস্থা করেছিলেন। আমি বলেছি, সেসব লাগবে না। আমি নিজেই যাব। গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখব। তারপর যা ব্যবস্থা নেওয়ার নেব।’
মমতার এই দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সংসদের আসন পুনর্বিন্যাস এবং নারী সংরক্ষণ বিল নিয়ে যখন কেন্দ্রীয় রাজনীতিতে উত্তাপ বাড়ছে, তখন তার এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আগামী সোমবার থেকে ভারতের সংসদে শুরু হচ্ছে তিন দিনের বিশেষ অধিবেশন। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশনে আসন পুনর্বিন্যাস ও নারী সংরক্ষণ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার এই অধিবেশনে সংশ্লিষ্ট বিলগুলো পাশ করানোর বিষয়ে তৎপর।
অন্যদিকে বিরোধী শিবিরও বিষয়টি মোকাবিলায় নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের এমপিদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলীয় এমপিদের মধ্যে ভাঙন এবং রাজনৈতিক টানাপোড়েনের আবহে সংসদে দলের অবস্থান কী হবে, তা নিয়ে আলোচনা চলছে। কালীঘাটের শিবিরের হিসাব অনুযায়ী, দল থেকে বেরিয়ে যাওয়া ২০ জন এবং মমতার সঙ্গে থাকা আটজন এমপিকে ঘিরে মোট ২৮ জনের রাজনৈতিক অবস্থান নিয়ে হিসাবনিকাশ চলছে।
এরই মধ্যে শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে লোকসভার এমপিদের জন্য নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সংসদের অধিবেশন চলাকালে দলের সব এমপিকে উপস্থিত থাকতে হবে। কোনো কারণেই অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না। দলীয় সিদ্ধান্ত ও অবস্থান অনুযায়ী সংসদে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মমতার অভিযোগ, এমপিদের ভয় দেখানোর চেষ্টা চলছে। তবে কারা এ ধরনের চাপ সৃষ্টি করছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদের বিশেষ অধিবেশনের আগে মমতার দিল্লি সফর শুধু এমপিদের সঙ্গে যোগাযোগের বিষয় নয়, জাতীয় রাজনীতিতে বিরোধী শিবিরের অবস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দিল্লিতে গিয়ে তিনি দলের এমপিদের সঙ্গে বৈঠক করেন কি না, এবং আসন পুনর্বিন্যাস ও নারী সংরক্ষণ নিয়ে তৃণমূল কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

