Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

যে ২ কারণে মানুষের পতন ঘটে

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:০৮ পিএম

যে ২ কারণে মানুষের পতন ঘটে

দুনিয়ার মোহ মানুষের পতনের কারণ। ছবি: সংগৃহীত

Advertisement

মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন বাহ্যিক প্রাচুর্য থাকলেও ভেতরটা শূন্য লাগে—সংখ্যায় আমরা অনেক, সম্পদেও কমতি নেই, কিন্তু কোথায় যেন শক্তি হারিয়ে ফেলেছি। এই আত্মিক দুর্বলতা তথা মানুষের পতনের কারণ কী—সে প্রশ্নের উত্তর বহু আগেই আমাদের সামনে তুলে ধরেছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.)। তার এক গভীর তাৎপর্যপূর্ণ হাদিস আজও আমাদের বিবেককে নাড়া দেয়। 

হাদিসের বাণী ও ব্যাখ্যা

হজরত সাওবান (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

"يُوشِكُ الأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا"

قَالَ قَائِلٌ: وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ؟

قَالَ: "بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ..."

... "وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ"

قِيلَ: وَمَا الْوَهْنُ؟

قَالَ: "حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ"

‘শিগগিরই এমন সময় আসবে, যখন বিভিন্ন জাতি তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, যেমন লোকেরা একত্রিত হয়ে খাবারের পাত্রে ঝাঁপিয়ে পড়ে।’

কেউ জিজ্ঞাসা করল, ‘তখন কি আমরা সংখ্যায় কম থাকব?’

তিনি বললেন, ‘না, বরং তোমরা তখন অনেক হবে, কিন্তু তোমরা হবে স্রোতের ফেনার মতো (দুর্বল)... এবং আল্লাহ তোমাদের অন্তরে ‘ওহান’ ঢুকিয়ে দেবেন।’

জিজ্ঞাসা করা হলো, ‘ওহান কী?’

তিনি বললেন, ‘দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা।’ (আবু দাউদ ৪২৯৭)

‘ওহান’— একটি আত্মিক ব্যাধি, মানুষের পতনের কারণ।

এই হাদিসে ‘ওহান’ শব্দটি আমাদের অন্তরের এমন এক রোগের দিকে ইঙ্গিত করে, যা মানুষকে দুর্বল করে দেয়। মানুষের পতন শুরু হয়। এর দুটি মূল দিক—

১. حب الدنيا — দুনিয়ার প্রতি অতি ভালোবাসা

যখন মানুষের হৃদয় দুনিয়ার মোহে ডুবে যায়— অর্থ, আরাম, খ্যাতি ও বিলাসিতাই হয়ে ওঠে জীবনের লক্ষ্য—তখন সে সত্যের পথ থেকে বিচ্যুত হয়। পতনের অতল গহবরে ডুবতে থাকে।

২. كراهية الموت — মৃত্যুকে ভয় করা। মৃত্যুর ভয় মানুষকে সাহসী সিদ্ধান্ত নিতে বাধা দেয়। ত্যাগ, কুরবানি এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি হারিয়ে যায়। এটি মানুষের মূল পতনের কারণ।

কুরআনের আলোকে সতর্কতা

আল্লাহ তাআলা বলেন—

اِعۡلَمُوۡۤا اَنَّمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَا لَعِبٌ وَّ لَهۡوٌ وَّ زِیۡنَۃٌ وَّ تَفَاخُرٌۢ بَیۡنَكُمۡ وَ تَكَاثُرٌ فِی الۡاَمۡوَالِ وَ الۡاَوۡلَادِ ؕ كَمَثَلِ غَیۡثٍ اَعۡجَبَ الۡكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ یَهِیۡجُ فَتَرٰىهُ مُصۡفَرًّا ثُمَّ یَكُوۡنُ حُطَامًا ؕ وَ فِی الۡاٰخِرَۃِ عَذَابٌ شَدِیۡدٌ ۙ وَّ مَغۡفِرَۃٌ مِّنَ اللّٰهِ وَ رِضۡوَانٌ ؕ وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ

তোমরা জেনে রাখ যে, দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহঙ্কার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হল বৃষ্টির মত, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়-কুটায় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।’ (সুরা আল-হাদীদ: আয়াত ২০)

হৃদয়ের জন্য কিছু শিক্ষা

এই হাদিস আমাদের শেখায়—সংখ্যা বা বাহ্যিক শক্তি নয়, প্রকৃত শক্তি আসে ঈমান, আত্মত্যাগ ও আল্লাহর ওপর ভরসা থেকে। দুনিয়াকে ভালোবাসা নিষিদ্ধ নয়, কিন্তু সেটাই যদি জীবনের চূড়ান্ত লক্ষ্য হয়ে যায়, তখনই তা আমাদের দুর্বল করে দেয়। জীবনের চূড়ান্ত পতন ডেকে আনে।

আজকের এই ব্যস্ত ও ভোগবাদী সময়ে নিজেদের দিকে তাকালে হয়তো এই হাদিসের প্রতিফলন দেখতে পাওয়া যায়। তাই প্রয়োজন আত্মসমালোচনার— আমাদের হৃদয় কি দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে গেছে? আমরা কি সত্যের পথে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলছি? আমরা কি জীবনের চূড়ান্ত অধপতনের দিকে ধাবিত হচ্ছি?

আসুন, আমরা দুনিয়াকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখি, আর আখিরাতকে করি আমাদের মূল লক্ষ্য। হৃদয়কে পরিশুদ্ধ করি ‘ওহান’ থেকে—তাহলেই ফিরে আসবে সেই হারানো শক্তি, ইনশাআল্লাহ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম