বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
|
ফলো করুন |
|
|---|---|
কয়েকটি ধর্মীয় পোগ্রামে অংশ নিতে দাওয়াতী সফরে বাংলাদেশ আসছেন মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
আগামী ১২ জুলাই (রোববার) ভারতের মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। ১১ দিনের সফরে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আয়োজন হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক (কীনোট স্পিকার) হিসেবে বক্তব্য দেবেন তিনি।
একই অনুষ্ঠানে আল্লামা সাজ্জাদ নোমানীর উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক এই কনফারেন্স ইসলামী চিন্তা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে এবং দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামী চিন্তাচর্চায় আগ্রহী ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্ঞানবিনিময়ের প্ল্যাটফর্মে পরিণত হবে।
বাংলাদেশ সফরকালে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
চট্টগ্রাম সফরে দেশের বৃহৎ দুটি বড় মাদ্রাসা হাটহাজারী ও পটিয়ায় যাওয়ার কথা রয়েছে তার।
একনজরে মাওলানা সাজ্জাদ নোমানী
তার পিতা মনযুর নোমানী বিশিষ্ট ইসলামি পণ্ডিত, ধর্মতত্ত্ববিদ, সাংবাদিক, লেখক এবং সমাজকর্মী ছিলেন। তার দাদা সুফি মুহাম্মদ হুসাইন ছিলেন একজন ব্যবসায়ী এবং জমিদার।
সাজ্জাদ নোমানী ভারতীয় মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড-এর খাস কমিটির সদস্য এবং মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া তিনি ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট, মুম্বাই-এর পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারত-এর পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।
মাওলানা সাজ্জাদ নোমানী ভারতের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার কৃতী শিক্ষার্থী।
মাওলানা মনযুর নোমানীর সন্তান হিসেবে ছোটবেলা থেকেই তিনি লালিত-পালিত হয়েছেন ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে।
শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া, সাইয়েদ আবুল হাসান আলী নদবী, হজরতজী মাওলানা এনামুল হাসান (রহ.) প্রমুখ বুজুর্গ আলেমদের স্নেহধন্য এ আলেম কুরআন, হাদিস, ইসলামী চিন্তাধারা ও সমসাময়িক বিষয়াবলীতে গভীর গবেষণা ও প্রজ্ঞার জন্য দেশ-বিদেশে বিশেষভাবে সমাদৃত। নকশবন্দি তরিকার একজন সুফীসাধক তিনি।
মাওলানা সাজ্জাদ নোমানী আরবি, উর্দু ও ইংরেজিতে সমান পারদর্শী। গবেষক এই আলেম বহু মূল্যবান ইসলামী গ্রন্থের রচয়িতা, একজন সুবক্তা, দক্ষ শিক্ষাবিদ এবং উম্মাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সুদূরপ্রসারী দিকনির্দেশনা প্রদানকারী ব্যক্তিত্ব।
ইসলামী শিক্ষা, গবেষণা, দাওয়াহ, সামাজিক সম্প্রীতি এবং মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে তার দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত।
ইসলামি আইন, মুসলিম সমাজ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে উর্দু ও আরবি ভাষায় একাধিক গ্রন্থ ও গবেষণাপত্র রচনা করেছেন। উদার দৃষ্টিভঙ্গি, বিস্তৃত কাজের পরিধি ও সবাইকে নিয়ে চলার মানসিকতা মাওলানা সাজ্জাদ নোমানীকে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য মহিমায় ভূষিত করেছে।


