ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: রবি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম
রবি ইয়োসি মিজরাচি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হিন্দুধর্ম, গরু পূজা এবং ভারতীয় চিকিৎসকদের নিয়ে মন্তব্য করে বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলি-আমেরিকান ধর্ম প্রচারক রবি ইয়োসি মিজরাচি। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারত ও ইসরাইলসহ বিভিন্ন দেশের নেটিজেন ও বিশিষ্ট ব্যক্তিরা তাকে একজন ‘বর্ণবাদী’ ও ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপটিতে মিজরাচিকে বলতে শোনা যায়, ভারতে নাকি লোকজন গরুর পূজা করে এবং ঘরের মেঝেতে গরু প্রস্রাব করলে তা চেটে খায়। শুধু তাই নয়, তিনি দাবি করেন যে চিকিৎসকরাও এ ধরনের আচার-পদ্ধতির সঙ্গে যুক্ত। নয়াদিল্লির রাস্তায় গরু বসে থাকায় যানজট সৃষ্টি হওয়া নিয়েও তিনি কটূক্তি করেন। এমনকি এই ধরনের জীবনযাপনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি মন্তব্য করেন যে, ঈশ্বর যেন তাকে এমন জীবন দেননি।
মিজরাচির এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ভারতে বসবাসরত ইসরাইলি গবেষক ও লেখক ইশায়াহু রোসেনম্যান। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমূর্তি যেভাবে নষ্ট করছেন মিজরাচি, তার পরিধি অবিশ্বাস্য। অতীতে যুক্তরাজ্যের মতো ইসরাইলেও যেন তার প্রবেশ নিষিদ্ধ করা হয়, সেই দাবিও তুলেছেন এই গবেষক। পাশাপাশি, ফিলিস্তিনের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এম আবু শাওয়েশ নাম উল্লেখ না করে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, যারা অন্য ধর্মের অনুভূতির প্রতি উপহাস করে এবং ধর্মীয় ঐতিহ্যকে অপমান করে, তারা মানবজাতির শেকড় ও সহাবস্থানের ভিত্তিকে ধ্বংস করছে।
ইসরাইলে জন্ম নেওয়া এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই অর্থোডক্স ইহুদি প্রচারক ‘ডিভাইন ইনফরমেশন’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করেন। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৫ সালে তিনি দাবি করেছিলেন যে হলোকাস্টে (ইহুদি নিধনযজ্ঞ) ছয় লাখের কম মানুষ মারা গেছে, যা ঐতিহাসিক সত্যের সম্পূর্ণ পরিপন্থী ছিল এবং পরে তিনি এর জন্য ক্ষমা চাইতে বাধ্য হন। এছাড়া অটিজম ও ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুদের নিয়ে তার অবৈজ্ঞানিক ও অসংবেদনশীল মন্তব্য এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের কারণে অতীতে ১৬ জন অর্থোডক্স ইহুদি রবিও তার তীব্র নিন্দা জানিয়েছিলেন। ২০১৯ সালে যুক্তরাজ্যে তার একটি নির্ধারিত সফরও বিতর্ক ও প্রতিবাদের মুখে বাতিল হয়েছিল।
উল্লেখ্য, ভারত ও ইসরাইলের মধ্যকার দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক যখন প্রতিরক্ষা, প্রযুক্তি ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে, ঠিক সেই সময়ে মিজরাচির এই উগ্র ও সাম্প্রদায়িক মন্তব্য দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলার অপচেষ্টা হিসেবে দেখছেন সচেতন মহল।
সূত্র: ইন্ডিয়া টুডে

