Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

স্ত্রীর কোনো অঙ্গকে যদি ‘তালাক’ বলা হয়, তাহলে কি তালাক হবে?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

স্ত্রীর কোনো অঙ্গকে যদি ‘তালাক’ বলা হয়, তাহলে কি তালাক হবে?

প্রতীকী ছবি

Advertisement

স্ত্রীর কোনো অঙ্গকে ‘তালাক’ বললে তালাক হবে কিনা, তা নির্ভর করে ওই অঙ্গ দ্বারা পুরো শরীর বোঝানো হয় কিনা এবং প্রচলিত ভাষায় এর ব্যবহার কেমন।

এ বিষয়ে মুহাম্মদপুর সাত মসজিদ জামিয়া রাহমানিয়া আরাবিয়া ফতোয়া বিভাগের নায়েবে মুফতি তাওহীদুল ইসলাম বলেন, যে অঙ্গ দ্বারা পুরো শরীর বোঝানো হয় না, সে অঙ্গকে তালাকের সঙ্গে যুক্ত করলে তালাক পতিত হয় না। যেমন—হাত, পা, আঙুল, জিহ্বা, ঠোঁট, কান, নাক ইত্যাদি অঙ্গ দ্বারা সাধারণত পুরো শরীর বোঝানো হয় না।

তাই কেউ যদি বলে, ‘তোমার হাত তালাক’, ‘তোমার পা তালাক’ বা ‘তোমার ঠোঁট তালাক’, তাহলে শুধু এ কথার দ্বারা তালাক পতিত হবে না।

পক্ষান্তরে, যে অঙ্গ দ্বারা পুরো শরীর বোঝানো হয়, যেমন—মাথা বা শরীর ইত্যাদি, এসব অঙ্গকে তালাকের সঙ্গে যুক্ত করলে তালাক পতিত হয়ে যাবে। তাই কেউ যদি বলে, ‘তোমার মাথা তালাক’ বা ‘তোমার শরীর তালাক’, তাহলে এ কথার দ্বারা তালাক পতিত হয়ে যাবে।

তবে কোনো সমাজে বা প্রচলিত ভাষায় কোনো নির্দিষ্ট অঙ্গ দ্বারা পুরো শরীর বোঝানোর প্রচলন থাকলে, সেই উরফ অর্থাৎ সমাজের প্রচলিত রীতি অনুযায়ী তালাকের হুকুম নির্ধারিত হবে।

ফতোয়া বিভাগে করা প্রশ্নে এক ব্যক্তি জানান, নতুন বিয়ে করেছেন। স্ত্রীকে চুমু দিতে গেলে তিনি বাধা দেন। এ সময় দুষ্টামি করে স্ত্রীকে বলেন, ‘তোমার ঠোঁটকে তালাক, তালাক, তালাক।’ পরে বিষয়টি নিয়ে তিনি ভয় ও কষ্টে ভুগছেন।

এ বিষয়ে তাওহীদুল ইসলাম বলেন, প্রশ্নে বর্ণিত ঘটনায় ওই ব্যক্তি দুষ্টামি করে স্ত্রীকে বলেছেন, ‘তোমার ঠোঁটকে তালাক, তালাক, তালাক।’ যেহেতু ঠোঁট এমন অঙ্গ নয়, যা দ্বারা পুরো শরীর বোঝানো হয়, তাই উল্লিখিত মূলনীতি অনুযায়ী এতে তালাক পতিত হয়নি। সুতরাং এ নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, তালাকের শব্দ নিয়ে দুষ্টামি, রাগ, ধমক বা ভয় দেখানোর উদ্দেশ্যে ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ তালাকের শরীর শব্দ স্ত্রীকে উদ্দেশ্য করে উচ্চারণ করলে তালাক পতিত হয়ে যায়। দুষ্টামি, রাগ বা ভয় দেখানোর অজুহাতে তালাক থেকে রেহাই পাওয়া যায় না; শরীর তালাকের ক্ষেত্রে নিয়ত থাকা জরুরি নয়।

তাই ভবিষ্যতে কখনোই দুষ্টামি, রাগ, ধমক বা ভয় দেখানোর জন্য তালাকের শব্দ ব্যবহার করা যাবে না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম