Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

অমুসলিম দেশের নাগরিকত্ব নিতে পারবেন মুসলিমরা?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

অমুসলিম দেশের নাগরিকত্ব নিতে পারবেন মুসলিমরা?

ছবি: সংগৃহীত

Advertisement

অমুসলিম দেশে বসবাস কিংবা সেসব দেশের নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইসলামে কিছু নির্দেশনা ও শর্ত রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় পরিবেশ, মুসলমানদের প্রতি রাষ্ট্র ও সমাজের দৃষ্টিভঙ্গি এবং ইসলাম পালনের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নিজের ও পরিবারের ঈমান-আমল এবং ভবিষ্যৎ প্রজন্মের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ন রাখা সম্ভব কি না, তা বিবেচনায় নেওয়ার কথা বলেছেন ইসলামি চিন্তাবিদরা।

ইসলামি চিন্তাবিদ ড. ইউসুফ আল-কারজাভি (রহ.)-এর মতে, অমুসলিম দেশে মুসলমানদের বসবাসের বৈধতা নির্ভর করে সেখানকার পরিবেশ ও পরিস্থিতির ওপর। যেসব দেশে ধর্মীয় স্বাধীনতা রয়েছে এবং মুসলমানরা নির্বিঘ্নে ইসলাম পালন করতে পারেন, সেসব দেশে বৈধ উদ্দেশ্যে বসবাসের সুযোগ রয়েছে। তবে যেখানে ইসলাম পালনে বাধা দেওয়া হয় কিংবা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও পরিচয় হুমকির মুখে পড়ে, সেখানে বসবাসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

ধর্মবিদ্বেষী পরিবেশে বসবাসের বিধান

যেসব দেশে ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব রয়েছে এবং ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি করা হয়, সেসব দেশের পরিবেশ মুসলমানদের জন্য প্রতিকূল হতে পারে। এমন পরিস্থিতিতে সেখানে বসবাসকারী মুসলমানদের ধৈর্য ধারণের পাশাপাশি নিজেদের ধর্মীয় বিশ্বাস ও আমল রক্ষায় সচেষ্ট থাকতে হবে।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘কিন্তু কেউ অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে অনন্যোপায় হলে আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা নাহল: ১১৫)

লেখকের ব্যাখ্যা অনুযায়ী, কোনো মুসলিম দেশে ইসলাম পালন ও ধর্মীয় জীবনযাপনের সুযোগ থাকা সত্ত্বেও শুধু পার্থিব সুবিধার জন্য এমন ধর্মবিদ্বেষী দেশে পাড়ি জমানো সমর্থনযোগ্য নয়। কারণ, যেখানে দ্বীন পালনের স্বাধীনতা থাকে না, সেখানে মুসলমানদের হিজরতের নির্দেশনা রয়েছে।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যারা নিজেদের ওপর অবিচার করে তাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতারা বলে, তোমরা কী অবস্থায় ছিলে? তারা বলে, পৃথিবীতে আমরা অসহায় ছিলাম। তারা বলে, আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না, যেখানে তোমরা হিজরত করতে? তাদেরই আবাসস্থল জাহান্নাম, আর তা কত মন্দ আবাস!’ (সুরা নিসা: ৯৭)


ধর্মীয় স্বাধীনতা থাকলে বসবাসের সুযোগ

অন্যদিকে যেসব দেশে ধর্মীয়, রাজনৈতিক ও চিন্তার স্বাধীনতা রয়েছে এবং রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের অন্যদের ওপর প্রভাব বিস্তারে সহযোগিতা করে না, সেসব দেশে মুসলমানদের বসবাসের সুযোগ রয়েছে।

চাকরি, উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা অন্য কোনো বৈধ প্রয়োজনে এমন দেশে যাওয়া এবং অবস্থান করাও বৈধ বলে মত দিয়েছেন ড. ইউসুফ আল-কারজাভি (রহ.)।

এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ জানেন যে তোমাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে।’ (সুরা মুজ্জাম্মিল: ২০)

তবে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত হলো, সংশ্লিষ্ট দেশে অবস্থানের কারণে নিজের ঈমান, ধর্মীয় অনুশীলন, পরিবারের দ্বীনদারি কিংবা ভবিষ্যৎ প্রজন্মের ইসলামি মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকা যাবে না। সেখানে গিয়ে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, যাতে ধর্মীয় বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, তাহলে সেই পরিবেশ থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করতে হবে।

এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘বোলো, তোমাদের কাছে যদি আল্লাহ, তাঁর রাসুল এবং আল্লাহর পথে জিহাদ করার অপেক্ষা প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা-বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাস, তবে অপেক্ষা কোরো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না।’ (সুরা তাওবা: ২৪)

অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া কি বৈধ?

অমুসলিম দেশের নাগরিকত্ব গ্রহণের বিষয়ে সমকালীন ইসলামি চিন্তাবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। একদল আলেম এ ধরনের নাগরিকত্ব গ্রহণকে বৈধ মনে করেন না। তাঁদের মধ্যে রয়েছেন আল্লামা মোস্তফা আল-ঝারকা, শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ ও মান্না আল-কাত্তান।

মিসরের ইসলামি চিন্তাবিদ হাসান আল-বান্নাও বিষয়টিকে অত্যন্ত গুরুতর গুনাহ হিসেবে বিবেচনা করেছেন। তাঁদের যুক্তির পক্ষে পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াত উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে, ‘মুমিনরা যেন মুমিনরা ছাড়া অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ না করে। যে ব্যক্তি এরূপ করবে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না।’

তবে ড. ইউসুফ আল-কারজাভি (রহ.)সহ অনেক আলেম এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন। তাঁদের মতে, অমুসলিম দেশের নাগরিকত্ব গ্রহণকে সব পরিস্থিতিতে নিষিদ্ধ বলা যায় না। বরং সংশ্লিষ্ট দেশের পরিবেশ, ধর্মীয় স্বাধীনতা এবং মুসলমানের ঈমান-আমল রক্ষার সক্ষমতার ওপর এর বৈধতা নির্ভর করে।

যেসব দেশে মুসলমানরা নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারেন, ধর্মীয় পরিচয় বজায় রাখতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্মের ইসলামি শিক্ষা ও মূল্যবোধ রক্ষা করতে পারেন, সেসব দেশের নাগরিকত্ব গ্রহণের সুযোগ রয়েছে বলে তাঁরা মনে করেন।

এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘দ্বিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।’ (সুরা মুমতাহিনা: ৮)

অমুসলিম দেশে নাগরিকত্ব গ্রহণের ইতিবাচক দিক

ড. ইউসুফ আল-কারজাভি (রহ.) মনে করেন, উপযুক্ত পরিবেশে অমুসলিম দেশে মুসলমানদের নাগরিকত্ব গ্রহণের কিছু ইতিবাচক দিকও রয়েছে। এর মাধ্যমে সেসব দেশে মুসলমানদের উপস্থিতি ও ইসলামি সংস্কৃতির বিকাশের সুযোগ তৈরি হয়।

মুসলমানদের বসবাসের ফলে সেখানে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় মানুষ ইসলাম সম্পর্কে জানার সুযোগ পান। একই সঙ্গে ধর্মীয় আলোচনা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের পরিসরও বিস্তৃত হয়।

অন্যদিকে কোনো দেশে মুসলমানদের উপস্থিতি না থাকলে সেখানে ইসলামি শিক্ষা ও প্রচারের কার্যক্রম সীমিত হয়ে পড়তে পারে। তাই যথাযথ পরিবেশ নিশ্চিত করা গেলে অমুসলিম দেশে মুসলমানদের অবস্থান ইসলাম প্রচারের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এই ইসলামি চিন্তাবিদ।

অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে অনুসরণীয় বিষয়

অমুসলিম দেশে বসবাস করলেও একজন মুসলমানকে নিজের ধর্মীয় পরিচয় ও আদর্শ বজায় রাখতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক পরিবেশ এবং সামাজিক কর্মকাণ্ডে ইসলামের বিধান অনুসরণের চেষ্টা করতে হবে।

এ ক্ষেত্রে সাহাবি জাফর ইবনে আবি তালিব (রা.)-এর হাবশায় অবস্থানের ঘটনা উল্লেখযোগ্য। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরও তিনি সপ্তম হিজরিতে খায়বার বিজয়ের আগ পর্যন্ত অমুসলিম শাসিত হাবশায় অবস্থান করেছিলেন।

লেখকের মতে, এ ঘটনা থেকে বোঝা যায়, বিশেষ পরিস্থিতিতে অমুসলিম দেশে অবস্থান করা এবং সেখানে দ্বীনের প্রচার কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-কে উদ্দেশ করে বলেন, ‘হে রাসুল, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দিন। যদি আপনি তা পৌঁছে না দেন, তবে আপনি তাঁর বাণী প্রচার করলেন না।’ (সুরা মায়িদা: ৬৭)

তবে অমুসলিম দেশে বসবাসের ফলে যেন নিজের ধর্মীয় জীবন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইসলামি চিন্তাবিদরা। বিশেষ করে সন্তানদের ইসলামি শিক্ষা, ধর্মীয় অনুশীলন এবং পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বসবাস নিয়ে নবীজির সতর্কবার্তা

অমুসলিমদের মধ্যে বসবাসের বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কিছু সতর্কবাণীও রয়েছে। সুনানে আবু দাউদের একটি হাদিসে তিনি বলেছেন, ‘আমি সেসব মুসলিম থেকে দায়মুক্ত, যারা মুশরিকদের মধ্যে বসবাস করে।’ (হাদিস: ২৬৪৫)

অন্য একটি বর্ণনায় এসেছে, ‘কেউ কোনো মুশরিকদের সাহচর্যে থাকলে এবং তাদের সঙ্গে বসবাস করলে সে তাদেরই মতো।’ (সুনানে আবু দাউদ: ২৭৮৭)

এসব হাদিসের আলোকে মুহাদ্দিসরা মুসলমানদের অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যেখানে ঈমান ও ইসলামি জীবনব্যবস্থা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে, সেখানে বসবাসের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের যে ৫ নির্দেশনা

বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের যে ৫ নির্দেশনা

নতুন পোশাকে কাউকে দেখলে কী দোয়া পড়বেন?

নতুন পোশাকে কাউকে দেখলে কী দোয়া পড়বেন?

ভাগ্য বদলের আশায় আঙুলে ‘পাথরের আংটি’ পরা কি জায়েজ?

ভাগ্য বদলের আশায় আঙুলে ‘পাথরের আংটি’ পরা কি জায়েজ?

কবরে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়বেন?

কবরে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়বেন?

দ্বীনের জন্য অবিচল আসমা (রা.)-এর বুদ্ধিমত্তা ও ত্যাগ

ইসলামের সাহসী নারী দ্বীনের জন্য অবিচল আসমা (রা.)-এর বুদ্ধিমত্তা ও ত্যাগ

অনুমতি ছাড়া স্ত্রীর মোবাইল চেক করা কি জায়েজ?

অনুমতি ছাড়া স্ত্রীর মোবাইল চেক করা কি জায়েজ?

আরও পড়ুন

অমুসলিম দেশের নাগরিকত্ব নিতে পারবেন মুসলিমরা?

অমুসলিম দেশের নাগরিকত্ব নিতে পারবেন মুসলিমরা?

বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের যে ৫ নির্দেশনা

বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের যে ৫ নির্দেশনা

আজকের নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬

প্রেমে ব্যর্থ বা অতীতের হতাশায় বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

প্রেমে ব্যর্থ বা অতীতের হতাশায় বিয়ে না করা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম