Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। ছবি: সংগৃহীত

Advertisement

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে নানা শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ অকাতরে দান করেন। কিন্তু, তারা কেন এ পবিত্র স্থানে এত দান করেন, তা নিয়ে নানা মত ও কিংবদন্তি রয়েছে। মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশে দান করেন। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালংকার ও নানা সামগ্রীও দান করেন ভক্তরা।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় আড়াইশ বছরের পুরোনো পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ধর্ম-বর্ণনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত। পাগলা মসজিদে শুধু ইসলাম ধর্মাবলম্বীরাই আসেন তা নয়, সব ধর্মাবলম্বীদের কাছেই এটি একটি তীর্থস্থান। এ কারণে এখানে সবাই দান করেন। সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) রাতে স্থানীয় ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, পাগলা মসজিদে সবশেষ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা আয় হয়েছে। 

খুব শিগগিরই পাগলা মসজিদের দৃষ্টিনন্দন ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু হবে। পাগলা মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা আছে। এর বাইরে অনলাইনে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর হিসেবে রাখা আছে এসব টাকা। যার লভ্যাংশ গরিব, অসহায়, অনাথ ও অসুস্থদের জন্য ব্যয় করা হয়। ইতোমধ্যে প্রায় ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

মসনদে আলা ঈসা খাঁর বংশধরদের বাসস্থান কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকার দেওয়ান বাড়ি। দেওয়ান হয়বত খান হয়বতনগর দেওয়ান বাড়ির প্রতিষ্ঠাতা। দেওয়ান হয়বত খানের নাম অনুসারে শহরের একটি অংশের নামকরণ করা হয়েছে হয়বত নগর।

হয়বতনগর দেওয়ান বাড়ির দেওয়ানদের তথ্যমতে, কিশোরগঞ্জ জেলা শহরের হয়বতনগর এলাকার প্রতিষ্ঠাতা দেওয়ান হয়বত খানের অধীনস্ত নবম পুরুষ দেওয়ান জোলকদর খান ছিলেন সুফিসাধক। তার কামেলিয়াতের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। তার সঙ্গে দেখা করতে বিভিন্ন অঞ্চল হতে মানুষ আসা শুরু হয়। তখন মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব হয়। দেওয়ান জোলকদর খান একদিন স্বপ্নে আদিষ্ট হয়ে দেওয়ানবাড়ির অদূরে উত্তর দিকে জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহাসিক নরসুন্দা নদীর তীরে এই পাগলা মসজিদ প্রতিষ্ঠা করেন।

স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন অঞ্চল হতে দেখা করতে আসা মানুষ গুলো জোলকদর খানকে (আল্লাহর দেওয়ানা) পাগলা বলে ডাকতো। এই আল্লাহ পাগল মানুষের দ্বারা এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এলাকার মানুষেরা মুখেমুখে এই মসজিদকে পাগলা মসজিদ নামে ডাকে। পরবর্তী সময়ে এই নামে মসজিদটি খ্যাতিলাভ করে।

কিশোরগঞ্জে পাগলা মসজিদ প্রতিষ্ঠার সময় মসজিদের ভূমির পরিমাণ ১০ শতাংশ থাকলেও, এখন তা সম্প্রসারিত হয়ে এর মোট ভূমির পরিমাণ প্রায় ৫ একর ৫০ শতাংশ। কর্তৃপক্ষ বলছেন এই মসজিদের জন্য আরো জায়গা ক্রয় করা হবে।

বর্তমানে তিন তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় সবুজ গম্বুজ এবং ৫ তলা ভবনের সমান একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদের ইমরাত খুবই সুন্দর এবং নির্মাণশৈলীও বেশ চমৎকার। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত পাগলা মসজিদটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা হিসেবে খ্যাত। বর্তমানে কিশোরগঞ্জ শহরের লেকসিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন, দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, মসজিদের শোভাবর্ধন এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে।

দেশের দূরদূরান্ত থেকে নানা শ্রেণি পেশার মানুষ মসজিদটি দেখতে ভিড় জমান, নারী-পুরুষেরা নামাজ আদায় করেন, মসজিদে টাকা পয়সা স্বর্ণ অলংকার হাঁস-মুরগি গরু ছাগল ইত্যাদি দান করেন। অনেক দর্শনার্থী মানতের অর্থ দান করেন। বিশেষত জুমার নামাজের সময় প্রচুর পরিমাণে মানুষের সমাগমে মসজিদ পরিপূর্ণ হয়ে আশপাশের রাস্তাঘাট এবং মাঠ পরিপূর্ণ হয়ে যায়।

এ মসজিদে পুরুষের পাশাপাশি নারীদেরও নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। নারীরা মসজিদের পৃথক স্থানে নামাজ আদায় করে থাকেন। মসজিদে যারা আসেন সবাই দু’হাত খুলে দান করেন। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের লোকজনকেও এ মসজিদে দান করতে দেখা যায়। এই পাগলা মসজিদটি বর্তমানে বাংলাদেশের অন্যতম বিত্তশালী মসজিদ-এ পরিণত হয়েছে। ৩-৪ মাস পর পর দান বাক্স খোলা হলে বৈদেশিক মুদ্রাসহ কোটি কোটি টাকা অনুদান পাওয়া যাচ্ছে। যা ইতোমধ্যেই দেশের সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতি শুক্রবার জুমার নামাজে প্রচুর লোক সমাগম হয়। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুম্মার দিনে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বেশি বেশি দান-খয়রাত করে থাকে এবং জুমার নামাজ আদায় করতে আসে। এ ছাড়া প্রতিদিনই মানুষ আসে এবং দান করার দৃশ্য চোখে পড়ে।

এ মসজিদে দান করলে মনোবাঞ্ছা পূরণ হয়, এই বিশ্বাস থেকেই মানত মানা হয়। মানতের দান সম্পর্কে কিছু কিছু ইসলামি চিন্তাবিদ ও সচেতন আলেমসমাজ মনে করেন, এই ধরনের বিশ্বাস ও চিন্তা কুসংস্কারের অংশ ও সম্পূর্ণ শরিয়তবিরোধী। শুধুমাত্র পাগলা মসজিদ নয়, পৃথিবীর যেকোনো মসজিদেই মানতের টাকা দান করার কোনো সুযোগ নেই। মানতের টাকার হকদার এতিমরা, সমাজের অবহেলিত গরিব অসহায় মানুষ, মসজিদ নয়। মানতের টাকা মসজিদে কোনোভাবেই ব্যবহার করা যাবে না।

এরপরও মসজিদের দানসিন্ধুকগুলো খুলতেই দেখা যায় শুধু টাকা আর টাকা। এসব টাকা বস্তায় ভরে নেয়া হয় মসজিদের দোতলায়। পরে, মসজিদের মেঝেতে বসে দিনব্যাপী টাকা গণনার কাজে অংশ নেয় মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ চার শতাধিক মানুষের একটি দল।

এ সময় উপস্থিতি থাকেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা শেষে মসজিদের ব্যাংক হিসাব নম্বরে জমা রাখতে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় দানের সব টাকা নিয়ে যাওয়া হয় ব্যাংকে। এ ছাড়া মসজিদে মানতের বিভিন্ন দানসামগ্রী প্রতিদিন আসরের নামাজের পর প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রয় করে প্রাপ্ত অর্থ পরদিন ব্যাংক আওয়ারে মসজিদের হিসাব নম্বরে জমা রাখা হয়। যা পরে প্রতিমাসে ব্যয় করা হয় কর্মচারীদের বেতন ভাতা ও মসজিদের বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজে।

পাগলা মসজিদের টাকায় ২০০০ সালে মসজিদের পাশেই একটি হাফেজিয়া মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে এই মাদরাসায় ১৩০ জন এতিম শিশু পড়াশোনা করছে। মসজিদের টাকায় তাদের যাবতীয় ভরণপোষণ করা হয়। মসজিদের ব্যাংক হিসাব নম্বরে জমা রাখা দানের টাকা থেকে আসা লভ্যাংশ ব্যয় করা হয়, দুস্থ ও দুরারোগ্য রোগীদের মাঝে। এ ছাড়া মসজিদের মূল তহবিলের টাকা এখন আর কোথাও ব্যয় করা হয় না। প্রতি অর্থবছর ওয়াকফ স্টেটের অডিটর দ্বারা মসজিদের আয়-ব্যয়ের অডিট করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

৫ কারণে কমছে জন্মহার, কাজে আসছে না আধুনিক চিকিৎসা

নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ৫ কারণে কমছে জন্মহার, কাজে আসছে না আধুনিক চিকিৎসা

প্রতিদিন ওটমিল খেলে কী হয়?

প্রতিদিন ওটমিল খেলে কী হয়?

মধুপুর মাদ্রাসার ইসলাহি ইজতেমায় আসছেন দেশ-বিদেশের আলেমরা

মধুপুর মাদ্রাসার ইসলাহি ইজতেমায় আসছেন দেশ-বিদেশের আলেমরা

দেশে প্রকট হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব, প্রতিকারের কী উপায়?

দেশে প্রকট হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব, প্রতিকারের কী উপায়?

আরও পড়ুন

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

জুমার খুতবার সময় যে ভঙ্গিতে বসা নিষেধ

জুমার খুতবার সময় যে ভঙ্গিতে বসা নিষেধ

বোনদের বিয়ে দিতে জমি বিক্রি, বাকি সম্পত্তিতে কি ভাগ পাবেন তারা?

বোনদের বিয়ে দিতে জমি বিক্রি, বাকি সম্পত্তিতে কি ভাগ পাবেন তারা?

আজকের নামাজের সময়সূচি: ২৮ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৮ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম