|
ফলো করুন |
|
|---|---|
তাল ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি উপকারী ফল। তালের প্রধান স্বাস্থ্য উপকারিতা হাড় ও দাঁত শক্ত করে। তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা দাঁত ও হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে। এতে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে।
তালের ফাইবার বা আঁশ হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের নানা রোগ দূর করতে সাহায্য করে। বুক ধড়ফড় করার সমস্যায় দুধের সঙ্গে তালের রস মিশিয়ে খেলে বেশ উপকার পাওয়া যায়। তাল ভিটামিন বি সমৃদ্ধ হওয়ায় এর অভাবজনিত বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। তালে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ও ভিটামিন চোখের স্বাস্থ্য ভালো রাখতে ও শরীর সতেজ রাখতে কাজ করে।
এখন চলছে তালের মৌসুম। তাল দিয়ে প্রচলিত ঐতিহ্যবাহী খাবার তালের লুচি, তালের মালপোয়া কিংবা তালের পায়েস তৈরি করেন অনেকে। এসব চেনা খাবারদাবার ছাড়াও তাল দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পুডিং।
কী ভাবে বানাবেন?
উপকরণ: ১ কাপ তালের ক্বাথ
২ কাপ দুধ
আধ কাপ চিনি
১০ গ্রাম আগর আগর পাউডার
৩ চামচ কর্নফ্লাওয়ার (আগর আগর-এর বিকল্প)
একচিমটে এলাচগুঁড়ো
অল্প কাজু-কিশমিশ এবং ঘি সাজানোর জন্য
প্রস্তুত প্রণালী
আধ কাপ জলে আগর আগর ভিজিয়ে রাখুন। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে অল্প ঠান্ডা জলে গুলে রাখুন। একটি প্যানে দুধ ও চিনি একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। ভেজানো আগর আগর জলসমেত প্যানে ঢেলে দিন। তার পরে অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না সেটি সম্পূর্ণ গলে দুধের সঙ্গে মিশে যায়। এর পরে ওর মধ্যে তাল ছেঁচে বার করা ঘন ক্বাথ এবং এলাচগুঁড়ো দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। ৫ থেকে ৭ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিয়ে মিশ্রণটিকে একটু ঘন হতে দিন।
তার পরে আঁচ বন্ধ করে মিশ্রণটিকে একটি মোল্ড বা পছন্দসই আকৃতির পাত্রে ঢেলে দিন। মনে রাখবেন পাত্র যেমন বাছবেন, পুডিংয়ের আকৃতিও তেমনই হবে। তাই সুন্দর আকৃতির পাত্র থাকলে সেটি মোল্ডিংয়ের জন্য বেছে নিতে পারেন। পাত্রে ঢালার পরে মিশ্রণটিকে প্রথমে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করুন। এর পর পাত্রটি ফ্রিজে ২-৩ ঘণ্টা রেখে সেট হতে দিন। চাইলে উপরে কাজু-কিশমিশ হালকা ঘিয়ে ভেজে ছড়িয়ে সাজিয়ে দিতে পারেন। ঠান্ডা হয়ে গেলে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন সুস্বাদু তালের পুডিং।
