ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম
ডায়াবেটিসের কারণে দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
|
ফলো করুন |
|
|---|---|
ডায়াবেটিসের কারণে চোখের যে জটিলতায় দৃষ্টিশক্তি কমে যেতে পারে, সেই ডায়াবেটিক ম্যাকুলার এডিমার চিকিৎসায় নতুন একটি পরীক্ষামূলক ওষুধ আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্কের তৈরি রেমিগ্রোমিগ (MK-3000) নামের ওষুধটি প্রাথমিক পর্যায়ের বড় একটি ক্লিনিক্যাল পরীক্ষায় প্রচলিত চিকিৎসা রানিবিজুমাবের তুলনায় কার্যকারিতায় পিছিয়ে নেই বলে প্রমাণিত হয়েছে।
মার্কের ফেজ ২বি/৩ পর্যায়ের BRUNELLO নামের পরীক্ষায় ৫২ সপ্তাহ পর এ ফল পাওয়া গেছে। পরীক্ষায় ডায়াবেটিক ম্যাকুলার এডিমায় আক্রান্ত ৯৮৪ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের রেমিগ্রোমিগের ০.৫ মিলিগ্রাম বা ০.৮ মিলিগ্রাম ডোজ অথবা প্রচলিত চিকিৎসা রানিবিজুমাব দেওয়া হয়।
যেভাবে কাজ করতে পারে
রেমিগ্রোমিগ একটি পরীক্ষামূলক ‘ট্রাই-স্পেসিফিক অ্যান্টিবডি’। এটি শরীরের Wnt সিগন্যালিং পথ সক্রিয় করার জন্য তৈরি করা হয়েছে। রক্তনালি ও রেটিনার মধ্যকার সুরক্ষাব্যবস্থা, অর্থাৎ ব্লাড-রেটিনাল ব্যারিয়ার, ঠিক রাখা ও ক্ষতি হলে তা মেরামতে এই সিগন্যালিং পথ ভূমিকা রাখে।
ডায়াবেটিক ম্যাকুলার এডিমার ক্ষেত্রে রেটিনার ক্ষতিগ্রস্ত রক্তনালি থেকে তরল বের হয়ে রেটিনায় জমে যায়। এতে ম্যাকুলা ফুলে যায়। চোখের রেটিনার মাঝখানে থাকা ম্যাকুলা সূক্ষ্ম ও পরিষ্কার দৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। তাই সেখানে ফোলা দেখা দিলে কেন্দ্রীয় দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
মার্কের গবেষকেরা দেখতে চাইছেন, Wnt সিগন্যালিং পথ সক্রিয় করলে রক্ত-রেটিনা প্রতিবন্ধক পুনরুদ্ধার করা এবং রক্তনালি থেকে তরল বের হওয়ার প্রবণতা কমানো যায় কি না।
পরীক্ষায় যা পাওয়া গেছে
৫২ সপ্তাহের ফলাফলে রেমিগ্রোমিগের ০.৫ ও ০.৮ মিলিগ্রাম—দুই ডোজই পরীক্ষার প্রধান কার্যকারিতা লক্ষ্য পূরণ করেছে। দৃষ্টিশক্তির পরিবর্তনের হিসাবে দুই ডোজই ০.৫ মিলিগ্রাম রানিবিজুমাবের তুলনায় নির্ধারিত সীমার মধ্যে কার্যকারিতায় পিছিয়ে ছিল না।
মার্ক জানিয়েছে, দুই ডোজই সাধারণভাবে রোগীরা সহ্য করতে পেরেছেন। তবে র্যানিবিজুমাব নেওয়া রোগীদের তুলনায় রেমিগ্রোমিগ নেওয়া রোগীদের মধ্যে প্রোলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের ভেতরের ভিট্রিয়াসে রক্তক্ষরণ এবং পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে চিকিৎসা বন্ধ করার হার বেশি দেখা গেছে।
ডায়াবেটিক ম্যাকুলার এডিমা কী
ডায়াবেটিক ম্যাকুলার এডিমা ডায়াবেটিসের একটি গুরুতর জটিলতা। দীর্ঘদিনের ডায়াবেটিসে চোখের রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে তরল রেটিনায় বের হয়ে জমতে পারে। এতে ম্যাকুলা ফুলে গিয়ে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমানে ডিএমইর চিকিৎসায় অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশনসহ বিভিন্ন চিকিৎসা ব্যবহৃত হয়। এসব চিকিৎসা অস্বাভাবিক রক্তনালির বৃদ্ধি ও রক্তনালি থেকে তরল বের হওয়া কমাতে সাহায্য করে। তবে মার্কের হিসাবে, বর্তমান চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশের ক্ষেত্রে প্রত্যাশিত সাড়া পুরোপুরি পাওয়া যায় না। এ কারণে নতুন চিকিৎসার প্রয়োজন রয়েছে।
সূত্র: সামা টিভি

-6abb3a1e303e7.jpg)