শীত আসার আগেই ঠোঁট ফাটছে? ঘরোয়া সমাধান জানুন
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শীত আসতে আর বেশি দিন বাকি নেই। আবহাওয়ার পরিবর্তনের এ সময় শুধু শরীর নয়, ত্বকও হয়ে পড়ে শুষ্ক ও রুক্ষ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকায় ত্বকের আর্দ্রতা কমে যায়। ফলে ঠোঁট ফাটা, মুখের ত্বক খসখসে হওয়া, ত্বকে টান অনুভব করা এবং স্বাভাবিক জেল্লা হারানোর মতো সমস্যা দেখা দেয়। এ সময় ত্বকের পাশাপাশি ঠোঁটের যত্ন নেওয়াও জরুরি। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে তৈরি করতে পারেন প্রাকৃতিক লিপ স্ক্রাব।
কেন ঠোঁট ফাটে?
ঠোঁট শুষ্ক হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। শীতের ঠান্ডা বাতাস, অতিরিক্ত গরম, রোদে পোড়া, শরীরে পানির ঘাটতি, অ্যালার্জি এর অন্যতম কারণ। ধূমপানও ঠোঁটের শুষ্কতা বাড়াতে পারে।
ত্বকের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের আর্দ্রতা ধরে রাখার স্বাভাবিক ক্ষমতা কম। তাই শুধু লিপ বাম ব্যবহার করেও অনেক সময় পুরোপুরি স্বস্তি পাওয়া যায় না। এ ক্ষেত্রে লিপ স্ক্রাব ঠোঁটের ওপর জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করতে পারে।
ত্বকবিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের কোলাজেন কমে ঠোঁট পাতলা হতে পারে। উপযুক্ত উপাদানে তৈরি স্ক্রাব ঠোঁটের উপরিভাগ মসৃণ রাখতে এবং শুষ্কতার কারণে তৈরি হওয়া খসখসে ভাব কমাতে সাহায্য করে।
ঘরে যেভাবে তৈরি করবেন লিপ স্ক্রাব
১. চিনি ও মধুর স্ক্রাব: এক চা চামচ মধুর সঙ্গে দুই চা চামচ চিনি মিশিয়ে নিন। ঠোঁটে অল্প করে লাগিয়ে আলতোভাবে বৃত্তাকার গতিতে মালিশ করুন।
২. অলিভ অয়েল স্ক্রাব: দুই টেবিল চামচ মিহি চিনির সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল, আধা চা চামচ মধু এবং পছন্দের এসেনশিয়াল অয়েলের এক-দুই ফোঁটা মেশাতে পারেন। তবে সুগন্ধি তেল ঠোঁটে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।
৩. নারকেল তেলের স্ক্রাব: দেড় চা চামচ নারকেল তেলের সঙ্গে এক চা চামচ নারকেল চিনি মিশিয়ে তৈরি করুন সহজ স্ক্রাব।
৪. কফি স্ক্রাব: এক চা চামচ মিহি কফির গুঁড়া, এক চা চামচ চিনি, এক চা চামচ নারকেল বা অলিভ অয়েল এবং আধা চা চামচ মধু মিশিয়ে নিন।
৫. স্ট্রবেরি স্ক্রাব: একটি স্ট্রবেরি চটকে এর সঙ্গে আধা চা চামচ নারকেল তেল, দুই চা চামচ চিনি ও আধা চা চামচ মধু মেশান।
এ ছাড়া ওটস, বাদাম তেল, কোকোনাট সুগার ও মধু দিয়েও স্ক্রাব তৈরি করা যায়।
ব্যবহারে সতর্কতা জরুরি
লিপ স্ক্রাব ব্যবহারের ক্ষেত্রে পরিমিতি বজায় রাখা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ঘষাঘষি করলে ঠোঁটের সংবেদনশীল ত্বকে ক্ষত তৈরি হতে পারে। শীতকালে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা গেলেও সপ্তাহে দুবারের বেশি ব্যবহার না করাই ভালো। স্ক্রাবের পর সুগন্ধিবিহীন ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করুন।
তবে ঠোঁট ফেটে রক্ত পড়লে, রোদে পুড়ে গেলে কিংবা ঠোঁটে ফোসকা বা প্রদাহ থাকলে স্ক্রাব ব্যবহার করবেন না। এসব ক্ষেত্রে আগে ঠোঁটের ক্ষত সারানো জরুরি। মনে রাখতে হবে, ঘরোয়া উপাদানও অ্যালার্জি বা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। তাই নতুন উপাদান ব্যবহারে সতর্ক থাকুন।
সূত্র: হেলথলাইন

-6adb6d2d575ec.jpg)