স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্তনে কোনও অস্বাভাবিক পরিবর্তন বা মাংসপিণ্ড নজরে এলেই মনে স্বাভাবিকভাবেই আতঙ্ক। কারও স্তন ক্যানসার ধরা পরলে পরিবারের সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ক্যানসার ধরা পড়া মানেই কি জীবন থমকে যাওয়া? স্তন ক্যানসার মানেই কি পুরো স্তন কেটে বাদ দিতে হয়?
স্তন ক্যানসার মানেই পুরো ব্রেস্ট বাদ দিয়ে অপারেশন নয়। এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যদি প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়লে ব্রেস্ট কনজারভেশন সার্জারির মাধ্যমে স্তন বাঁচিয়ে অপারেশন করা সম্ভব।
স্তনে কোনও লাম্প বা মাংসপিণ্ড দেখা দিলেই যে তা ক্যানসার হবে এমন নয়; ১০ জন রোগীর মধ্যে সাধারণত একজনের ক্যানসার ধরা পড়ে। তাছাড়া, বর্তমানে ভারতে ৩০ থেকে ৪০ শতাংশ রোগীর ক্ষেত্রেই স্তন বাঁচিয়ে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে এবং এই হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
ক্যানসার ধরা পড়লে প্রথমে যা করবেন
ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করা যাবে না। রোগ ধরা পড়া এবং চিকিৎসা শুরু হওয়ার মাঝখানের সময়কাল কোনওভাবেই ৬০ দিনের বেশি হওয়া উচিত নয়। সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে তার ফলাফল অনেক ভালো হয়।
প্রথমে সাধারণত বায়োপসি দিয়ে চিকিৎসার ইনভেস্টিগেশন শুরু হয়। মানুষের মনে একটি বড় ভীতি থাকে যে বায়োপসি করলে বুঝি ক্যানসার চারধারে ছড়িয়ে পড়ে। বায়োপসিতে ক্যানসার ছড়ায় না। বরং ক্যানসার আদতে আছে কি না এবং তার ধরণ কী, তা জানার জন্য বায়োপসি করা বাধ্যতামূলক।
এরপর ক্যানসার কোন স্টেজে আছে সেটা নির্ণয়ে পরীক্ষা করা দরকার। ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কি না, তা জানার জন্য সিটি স্ক্যান, বোন স্ক্যান বা পেট সিটি স্ক্যান করা হয়। প্রাথমিক পর্যায়ে থাকলে শুধু বায়োপসি ও কয়েকটি সাধারণ পরীক্ষার মাধ্যমেই চিকিৎসা শুরু করা যায়।
কেমোথেরাপি স্তন ক্যানসারে কতটা কার্যকর?
ব্রেস্ট ক্যানসারের মূল চিকিৎসা হলো অস্ত্রোপচারের মাধ্যমে ক্যানসারকে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব। সব রোগীর ক্ষেত্রে কেমোথেরাপি লাগে না। খুব প্রাথমিক পর্যায়ের কিছু ক্যানসারের অপারেশন বা হরমোন থেরাপির মাধ্যমে কেমোথেরাপি ছাড়াই সারিয়ে তোলা সম্ভব।
কেমো থেরাপি করলে কী চুল পড়ে
অপারেশনের সময় অতিরিক্ত দুর্বলতা বা চুল পড়ার মতো সমস্যা সাধারণত হয় না। তবে কেমোথেরাপি প্রয়োজন হলে চুল পড়া সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা দেয়। কেমোথেরাপির কোর্স শেষ হওয়ার পর চুল আবার স্বাভাবিক নিয়মে গজিয়ে যায়। বহু রোগী চিকিৎসার মাঝেই নিয়মিত অফিস ও দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যান।কাজেই অযথা ভয় না পেয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার।
স্তন ক্যানসার ধরা পরলে সন্তানধারণ ক্ষমতা স্বাভাবিক থাকে?
স্তন ক্যানসার মানেই আর কোনও দিন মা হওয়া যাবে না বা বিয়ে করা যাবে না—এই ধারণাটি একটি সম্পূর্ণ মিথ্যা। স্তন ক্যানসারে আক্রান্ত অনেকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন।
ক্যানসারের চিকিৎসা শুধু শারীরিক নয়, এর একটি অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও রয়েছে। তাই চিকিৎসকদের পাশাপাশি পরিবার ও সমাজের উচিত রোগীর পাশে দাঁড়িয়ে তাকে মানসিকভাবে সাহস যোগানো।
জিনগত ক্যানসার কি আলাদা?
যত ব্রেস্ট ক্যানসার দেখা যায়, তার ১০ থেকে ১৫ শতাংশ ক্ষেত্রে জিনগত ত্রুটি বা জিনের ভূমিকা থাকে। তবে পারিবারিক ইতিহাস এবং জিনগত ক্যানসার এক নয়। পরিবারে অন্য কোনও সদস্যের ক্যানসার থাকলেই যে জিনগত ত্রুটি রয়েছে তা নয়। জিনগত ত্রুটির কারণে ক্যানসার হলে রোগীর সন্তানদের ক্ষেত্রেও ‘ক্যাসকেড টেস্টিং’-এর পরামর্শ দেওয়া হয়।
