ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাওয়ার পর মানতে হবে একটি শর্ত!
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাবারের পর মাত্র কয়েক মিনিট হাঁটার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ও হৃদ্রোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনে। তার মতে, খাওয়ার পর ১০০ কদম বা ২ থেকে ৫ মিনিট হালকা হাঁটাহাঁটি করার অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। আয়ুর্বেদের প্রাচীন এই অভ্যাসের নাম ‘শতপাবলি’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভ্যাসের উপকারিতা তুলে ধরেন হৃদ্যন্ত্র ও বক্ষদেশের অস্ত্রোপচার বিশেষজ্ঞ শ্রীরাম নেনে। তার মতে, রক্তে শর্করার মাত্রা পরিমাপের আধুনিক যন্ত্র কিংবা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন অ্যাপ চালু হওয়ার অনেক আগে থেকেই ভারতীয় পরিবারগুলোতে দুপুর বা রাতের খাবারের পর কিছুক্ষণ হাঁটার প্রচলন ছিল। পূর্বপুরুষদের এই সহজ অভ্যাসটি স্বাস্থ্যকর জীবনযাপনের একটি কার্যকর উপায় হতে পারে।
এর আগে এক আলোচনা অনুষ্ঠানেও ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ার কারণ নিয়ে কথা বলেন শ্রীরাম। তিনি বলেন, মানুষের শারীরিক পরিশ্রম কমে যাওয়া, শর্করাজাতীয় ও অস্বাস্থ্যকর খাবার বেশি খাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা বাড়ছে। এ সমস্যা নিয়ন্ত্রণে শারীরিক পরিশ্রম বাড়ানোর পাশাপাশি খাবারের তালিকায়ও পরিবর্তন আনা প্রয়োজন।
কেন খাবারের পর ১০০ কদম হাঁটবেন?
শ্রীরাম নেনের মতে, খাবার খাওয়ার পরপরই শুয়ে না পড়ে শরীরকে কিছুটা সচল রাখা জরুরি। এ জন্য দীর্ঘ সময় ব্যায়াম করার প্রয়োজন নেই। মাত্র ২ থেকে ৫ মিনিট ধীরে হাঁটাহাঁটি করলেই এই অভ্যাস গড়ে তোলা সম্ভব।
‘শতপাবলি’ বা ১০০ কদম হাঁটার মধ্যে কোনো জাদুকরী বিষয় নেই। বরং এর মূল উদ্দেশ্য হলো, খাবারের পর শরীরকে সচল রাখা এবং নিয়মিত হাঁটার অভ্যাস তৈরি করা। এতে হজমে সহায়তা হতে পারে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
ব্যস্ত জীবনযাপনে আলাদা করে শরীরচর্চার সময় বের করা কঠিন হলেও খাবারের পর কয়েক মিনিট হাঁটার অভ্যাস সহজেই গড়ে তোলা যায়। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু হাঁটার ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ, নিয়মিত ওষুধ এবং সুষম খাদ্যাভ্যাসও বজায় রাখা জরুরি।
