বাদামি চিনি কি সত্যিই সাদা চিনির চেয়ে ভালো?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সকালের চা-কফি থেকে শুরু করে নানা ধরনের খাবার তৈরিতে চিনির ব্যবহার বেশ প্রচলিত। তবে স্বাস্থ্য সচেতন অনেকেই সাদা চিনির পরিবর্তে বাদামি চিনিকে (ব্রাউন সুগার) বেশি স্বাস্থ্যকর মনে করেন। তাদের ধারণা, বাদামি চিনিতে পুষ্টিগুণ বেশি এবং এটি শরীরের জন্য তুলনামূলক কম ক্ষতিকর। কিন্তু বাস্তবে দুই ধরনের চিনির পুষ্টিগত পার্থক্য খুব একটা বেশি নয়।
হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে নিউট্রিশন কোচ নুপুর গুলাটি সাদা ও বাদামি চিনির মধ্যকার পার্থক্য এবং কোনটি স্বাস্থ্যের জন্য ভালো, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
সাদা ও বাদামি চিনির পার্থক্য কী?
নিউট্রিশন কোচ নুপুর গুলাটির মতে, সাদা ও বাদামি—দুই ধরনের চিনির প্রধান উপাদানই সুক্রোজ। এটি হজমের সময় গ্লুকোজ ও ফ্রুক্টোজে বিভক্ত হয়। মূল পার্থক্য হলো বাদামি চিনিতে মোলাসেস বা আখের গুড়জাতীয় ঘন সিরাপ থাকে। এই উপাদানই বাদামি চিনিকে বিশেষ রং ও ক্যারামেলের মতো স্বাদ দেয়।
মোলাসেসে ক্যালসিয়াম ও আয়রনের মতো কিছু খনিজ উপাদান থাকলেও সাধারণত বাদামি চিনিতে এর পরিমাণ খুবই কম। ফলে স্বাভাবিক পরিমাণে বাদামি চিনি খেলে এসব খনিজ থেকে উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকার পাওয়ার সুযোগ নেই।
এছাড়া ক্যালোরির দিক থেকেও দুই ধরনের চিনির মধ্যে তেমন পার্থক্য নেই। বাদামি চিনিতে সামান্য কিছু খনিজ থাকলেও তা একে সাদা চিনির তুলনায় বিশেষভাবে স্বাস্থ্যকর করে তোলে না।
বরং বাদামি চিনি স্বাস্থ্যকর—এমন ধারণা থেকে অনেকে এটি বেশি পরিমাণে খেয়ে ফেলেন। এতে অজান্তেই দৈনিক চিনির গ্রহণ বেড়ে যেতে পারে।
রক্তে শর্করা বাড়ানোর ক্ষেত্রে কোনটি এগিয়ে?
অনেকের ধারণা, বাদামি চিনি খেলে সাদা চিনির তুলনায় রক্তে শর্করার মাত্রা কম বাড়ে। তবে এ ধারণার পক্ষে উল্লেখযোগ্য পার্থক্য নেই।
কোনো খাবার খাওয়ার পর তা কত দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, সেটি বোঝাতে গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) ব্যবহার করা হয়। সাদা চিনির জিআই প্রায় ৬৫। বাদামি চিনির জিআইও প্রায় একই রকম। কারণ, দুই ধরনের চিনির রাসায়নিক গঠন প্রায় অভিন্ন।
তাই শুধু রং বা স্বাদের পার্থক্যের কারণে বাদামি চিনিকে রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য ভালো বিকল্প ভাবার সুযোগ নেই। বিশেষজ্ঞের মতে, কোন ধরনের চিনি খাওয়া হচ্ছে, তার চেয়ে কতটুকু খাওয়া হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
চিনির বিকল্প কি সত্যিই বেশি স্বাস্থ্যকর?
সাদা ও বাদামি চিনির বাইরে গুড়, মধু, নারকেলের চিনি এবং অ্যাগেভের মতো উপাদানও চিনির বিকল্প হিসেবে জনপ্রিয়। এসব উপাদানে কিছু খনিজ বা উদ্ভিদজাত উপকারী যৌগ থাকতে পারে। তবে এগুলোতেও চিনি থাকে এবং শরীরে মোট চিনির পরিমাণ বাড়াতে ভূমিকা রাখে।
জিআইয়ের দিক থেকে মধু ও নারকেলের চিনির মান সাধারণত ৫৪ থেকে ৫৮-এর মধ্যে থাকে। অন্যদিকে সাধারণ টেবিল চিনির জিআই প্রায় ৬৫।
অ্যাগেভে ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকায় এটি খাওয়ার পর রক্তে শর্করার তাৎক্ষণিক বৃদ্ধি তুলনামূলক কম হতে পারে। তবে এর অর্থ এই নয় যে অ্যাগেভ বা অন্য প্রাকৃতিক মিষ্টিকারকগুলো সব দিক থেকে বেশি স্বাস্থ্যকর।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো, কোনো উপাদান প্রাকৃতিক উৎস থেকে এলেই সেটি ইচ্ছেমতো খাওয়া নিরাপদ—এমনটা ভাবা ঠিক নয়।
তাহলে কোন চিনি বেছে নেবেন?
সাদা ও বাদামি চিনির মধ্যে পুষ্টিগুণ এবং রক্তে শর্করার ওপর প্রভাবের ক্ষেত্রে বড় কোনো পার্থক্য নেই। বাদামি চিনিতে সামান্য খনিজ উপাদান থাকলেও তা উল্লেখযোগ্য স্বাস্থ্য সুবিধা দেয় না।
তাই শুধু স্বাস্থ্যগত সুবিধার কথা বিবেচনা করে সাদা চিনির পরিবর্তে বাদামি চিনি বেছে নেওয়ার প্রয়োজন নেই। বরং যে ধরনের চিনিই ব্যবহার করা হোক না কেন, প্রতিদিনের খাদ্যতালিকায় এর পরিমাণ সীমিত রাখাই স্বাস্থ্যের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

