জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় প্রদর্শনী
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
জুলাই জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের ব্যবহৃত স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ২৮ ও ২৯ নভেম্বর জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে জুলাই জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ।
এহ্সান মাহমুদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে জাগরূক রাখতে আমরা শহীদদের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজনটি করতে যাচ্ছি। আগামী ২৮-২৯ তারিখে আমাদের সংগ্রহে থাকা ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেব।’
তিনি আরও বলেন, ‘জায়গা সংকুলান না হওয়ায় চাইলেও আমরা আমাদের জাদুঘরের গ্যালারিতে সকল স্মৃতিস্মারক প্রদর্শন করতে পারছিলাম না। এই আয়োজনের মাধ্যমে আমরা সকল স্মৃতিস্মারক সামনে আনব। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যাদের হত্যা করেছিল, যাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি, তাদের স্মৃতিকে সবার সামনে আবার তুলে ধরব।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের দলিল হিসেবেও এ আয়োজনের বিশেষ তাৎপর্য রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগের হাসান ইনাম ও আবু বকর সাঈম।
প্রদর্শনীটি ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
