Logo
Logo
×

Advertisement

সাহিত্য

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

Icon

বাসস

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

বাম থেকে-নার্স শামসুন নাহার, মাঝে শিল্পী কামরুল হাসান, ডান পাশে সাংবাদিক আনোয়ার জাহিদ।

Advertisement

একটি কেবিন, চারটি দেয়াল, একটি শয্যা। তৎকালীন পিজি হাসপাতালের ১১৭ নম্বর কেবিন। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের ইতিহাসের এক আবেগঘন অধ্যায়। 

যে মানুষটি একদিন কলমের আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন পরাধীনতার শৃঙ্খল। জীবনের শেষ পর্বে তার কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল দুরারোগ্য অসুস্থতায়। শব্দের যে জগৎ তাকে দিয়েছিল অমরত্ব, সেই শব্দের সঙ্গেই তৈরি হয় এক গভীর নীরবতার দূরত্ব। বলছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। তার জীবনের শেষ দিনগুলোর কথা মনে পড়লে তাই শুধু একজন অসুস্থ কবির ছবি ভেসে ওঠে না, ভেসে ওঠে এক সুদীর্ঘ নীরবতা আর প্রিয় কবির প্রতি মানুষের ভালোবাসা এবং ইতিহাসের এক মর্মস্পর্শী অধ্যায়ের কথাও।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহ, সাম্য ও মানবতার কণ্ঠস্বর। তার কবিতার শব্দে কেঁপে উঠেছিল অন্যায়ের সিংহাসন। নজরুলের গানে মানুষ খুঁজে পেয়েছিল মুক্তির প্রেরণা। জীবনের শেষ অধ্যায়ে সেই মহাবিদ্রোহীই কাটিয়েছেন দীর্ঘ নীরবতার ভেতর।

আর সেই নীরব সময়ের স্মৃতি বহনকারী বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের ১১৭ নম্বর কেবিন। অসুস্থ অবস্থায় জীবনের শেষ এক বছর এক মাস আট দিন এই কেবিনেই কাটিয়েছেন কবি। এখানে কবিকে ১৯৭৫ সালের ২২ জুলাই ধানমন্ডির ‘কবিভবন’ থেকে নিয়ে আসা হয়। এই কেবিনে থাকা অবস্থাতেই কবিকে ১৯৭৬ সালের জানুয়ারিতে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার নাগরিকত্ব প্রদান করে। 

এর আগে ১৯৭২ সালের ২৪ মে স্বাধীন বাংলাদেশে কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় আনা হয়। বাঙালি জাতি তাকে গ্রহণ করে জাতীয় কবির মর্যাদায়, গভীর ভালোবাসায়।

ধানমন্ডির পুরোনো ২৮ নম্বর সড়কের ৩৩০-বি নম্বর বাড়িটি তার বাসভবন হিসেবে বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি পরিচিতি পায় ‘কবিভবন’ নামে। এই ‘কবিভবন’ থেকেই তার স্থান হয় ১১৭ নম্বর কেবিনে।

নজরুল মানেই বিদ্রোহ। নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস। তার কবিতায় ছিল শোষিত মানুষের আর্তনাদ। তার গানে ছিল সাম্য ও সম্প্রীতির আহ্বান। তিনি কখনো প্রেমের কবি, কখনো মানবতার কবি, কখনো আবার শৃঙ্খল ভাঙার দুর্বার প্রতীক।

কিন্তু অসুস্থতা তাকে ক্রমশ নিস্তব্ধ করে চিরতরে। ১৯৪২ সালের পর থেকে তার সৃজনশীল জীবন কার্যত থমকে যায়। যে কণ্ঠে একদিন উচ্চারিত হয়েছিল দ্রোহের অগ্নিবাণী, সেই কণ্ঠ আর আগের মতো কখনই সাড়া দেয়নি। 

হাসপাতালের কেবিন সাধারণত চিকিৎসা, অপেক্ষা আর উদ্বেগের জায়গা। কিন্তু কোনো কোনো কক্ষ সময়ের সীমানা অতিক্রম করে হয়ে ওঠে ইতিহাসের অংশ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের ১১৭ নম্বর কেবিনও তেমনই, যার সঙ্গে নজরুলের জীবনের অন্তিম অধ্যায়ের স্মৃতি জড়িয়ে আছে। কেবিনটি ঘিরে মানুষের মনে তৈরি হয়েছে বিশেষ আবেগ। কেবিনটির দরজা, জানালা কিংবা শয্যা সবকিছুকে ঘিরেই যেন কল্পনায় ফিরে আসে কেবল সেই দিনগুলোর কথাই। 

জানা গেছে, কবিকে ‘কবিভবন’ থেকে পিজি হাসপাতালের ১১৭ নম্বর কেবিনে কবির ইচ্ছার বিরুদ্ধেই ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৯৭৬ সালের ২৯ আগস্ট ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। তার সমাধি আজও শ্রদ্ধা জানাতে আসা মানুষের কাছে প্রিয় কবির স্মৃতির এক অমূল্য ঠিকানা।

নজরুলের অসুস্থতা ছিল ব্যক্তিগত বেদনার চেয়েও বড় এক জাতীয় অনুভূতি। তার সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা তাকে মানুষের হৃদয়ে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছিল, যেখানে শারীরিক উপস্থিতির চেয়েও বড় হয়ে ওঠে তার সৃষ্টির শক্তি। তিনি কথা বলতে না পারলেও তার কবিতা কথা বলেছে। তার কণ্ঠ স্তব্ধ হলেও তার গান থেমে থাকেনি। প্রজন্মের পর প্রজন্ম তার সৃষ্টিতে খুঁজে পেয়েছে প্রতিবাদ, প্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা ও মুক্তির বাণী।

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন কেবল ইতিহাসের কাছে এটি একটি স্থাননাম, কিন্তু বাঙালির আবেগে এটি এক মহৎ জীবনের শেষ অধ্যায়কে স্মরণ করার প্রতীক। কিন্তু দুঃখজনক হলেও সত্যি অনেক বছর কেউ কবির জীবনের শেষ দিনগুলো কাটানো এই কক্ষটির খোঁজ রাখেনি। যদিও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বি-ব্লকে শিক্ষক, শিক্ষার্থী ও হাজার হাজার রোগী প্রতিনিয়ত আনাগোনা করেন। কিন্তু অনেকে জানতেনই না ওই ভবনের (প্রশাসনিক ভবন) দ্বিতীয় তলার ১১৭ নম্বর কেবিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায় কক্ষটির সংস্কার কাজ চলছে। এজন্য জাতীয় কবির ব্যবহৃত সকল কিছু কেবিন থেকে সরিয়ে অন্যত্র রাখা হয়েছে। রুমটির আধুনিকায়নের কাজ শেষ হলে সবকিছু আবার সাজানো হবে। 

বিএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার বাসসকে জানান, সাধারণত সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা থাকে ‘নজরুল কক্ষ’। অনেকেই কক্ষটি ঘুরে দেখেন এবং পরামর্শ দেন। কক্ষটিকে আধুনিকায়ন করার লক্ষে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ফলে এটি এখন দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত নয়। শিগগিরই কাজটি শেষ হয়ে যাবে। তখন আবার তা  দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নজরুল গবেষকদের দাবির প্রেক্ষিতে ২০০২ সালে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন কক্ষটির নামফলকসহ সংরক্ষণের উদ্যোগ নেন। তখন থেকে এটি নজরুলের স্মৃতি রক্ষার্থে ‘নজরুল কক্ষ’ হিসেবে পরিচিতি পায়। কিন্তু এরপর সময় গড়াবার সঙ্গে সঙ্গে কেবিনটি আবারও স্টোর হাউজ হিসেবে ব্যবহৃত হতে থাকে। নজরুল গবেষকদের কঠোর সমালোচনার মুখে ২০১৬ সালের দিকে কিছুটা সংস্কার কাজ করা হয়। এরপর আবারও অবহেলায় পড়ে কক্ষটি। সম্প্রতি নজরুল বর্ষ উপলক্ষে এ কক্ষের সংস্কারে হাত দেয় বিএমইউ কর্তৃপক্ষ। 

যে কেবিনে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন বিদ্রোহী কবি, সেটি কেবল একটি হাসপাতালকক্ষ নয়, বাঙালির ইতিহাস ও আবেগের এক অমূল্য স্মারক। যথাযথ সংরক্ষণ ও মর্যাদার সঙ্গে কক্ষটি উন্মুক্ত রাখা গেলে নতুন প্রজন্মও অনুভবে সক্ষম হবে জাতীয় কবির জীবনের শেষ অধ্যায়ের স্মৃতি। এর ফলে সময়ের নীরব সাক্ষী হয়ে ১১৭ নম্বর কেবিন বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

আবদুল হাই শিকদার বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

কবি নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি মুসলিম জাতীয়তাবাদ

কবি নজরুলের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি মুসলিম জাতীয়তাবাদ

সৃজন পাঠচক্রে ‘সংখ্যায় বিভক্ত জীবন’ বিপ্লবের তাৎপর্য

সৃজন পাঠচক্রে ‘সংখ্যায় বিভক্ত জীবন’ বিপ্লবের তাৎপর্য

শীতের সকালে তুমি

শীতের সকালে তুমি

আবু ইসহাকের সাহিত্য : আমাদের মাটি ও মানুষের শিল্প

আবু ইসহাকের সাহিত্য : আমাদের মাটি ও মানুষের শিল্প

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

আরও পড়ুন

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী পিজির ১১৭ নম্বর কেবিন

আবদুল হাই শিকদার বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মিক শক্তি, তা নজরুলের কাব্যশক্তিতে নিহিত

সবচেয়ে বেশি বয়সে বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ লেখক

সবচেয়ে বেশি বয়সে বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ লেখক

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম