সাংবাদিক হাসান ইমামকে হত্যার হুমকিতে ডিআরইউ-সিএমজেএফের নিন্দা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম
ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম।
|
ফলো করুন |
|
|---|---|
ফেসবুকে লেখালেখির কারণে সাংবাদিক হাসান ইমাম রুবেলকে হত্যার হুমকি দিয়েছে ‘তৌহিদি জনতা’ নামে একটি গ্রুপ।
বুধবার (২৬ আগস্ট) ভোরে কুষ্টিয়া জেলার ভেড়ামারায় নিজ বাড়ির মূল ফটকে রেখে যাওয়া চিঠিতে এই হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে হাসান ইমাম রুবেলকে হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ)। হাসান ইমাম রুবেল দৈনিক আমাদের সময়, দৈনিক প্রথম আলো, চ্যানেল টুয়েন্টিফোর এবং নিউজ বাংলা টুয়েন্টি ফোরে কাজ করেছেন। দেড় বছর পর্যন্ত লন্ডনে আছেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশে এসেছেন।
হাসান ইমাম রুবেল জানান, ২৬ আগস্ট ভোরে নিজ বাড়ির মূল ফটকের নিচে খামের ভেতরে একটি উড়ো চিঠি পাওয়া গেছে। যেখানে তার ফেসবুকে প্রকাশিত মতামত, লেখালেখি ও পর্যালোচনার প্রেক্ষিতে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে তার ব্যক্তিগত পরিচয়, অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য থাকার দাবি করা হয়েছে। তার ওপর ধারাবাহিক নজরদারি করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ঘটনার পর তিনি ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি করেন।
এই হত্যার হুমকিতে নিন্দা জানিয়েছে বিবৃতিতে দিয়েছে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সিএমজেএফের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবীব রাসেল। বিবৃতিতে নেতারা বলেন, মত প্রকাশের অধিকার প্রয়োগের জন্য একজন সাংবাদিককে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার ওপরই আঘাত নয়। এ ধরনের কর্মকাণ্ড সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপরও গুরুতর আক্রমণ। গণতান্ত্রিক সমাজে সাংবাদিক ও মুক্তমনা লেখকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
তারা বলেন, সরকারকে অবশ্যই হাসান ইমাম রুবেল ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

