শিক্ষার্থীরা কতটুকু শিখছে, সেই বিবেচনায় মূল্যায়ন হবে: ববি হাজ্জাজ
যশোর ব্যুরো
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
যশোর পিটিআই অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
|
ফলো করুন |
|
|---|---|
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিগত দিনগুলোতে প্রাথমিক শিক্ষায় অবকাঠামোগত দিকে বেশি মনোযোগ ছিল। আগের সরকার অবকাঠামো উন্নয়নকে শিক্ষার উন্নয়ন হিসেবে বিবেচনা করেছে। এখন আমরা অবকাঠামো নয়, শিক্ষা মেজরমেন্ট হিসেবে ব্যবহার করছি। শিক্ষার্থীরা কতটুকু শিখছে, সেই বিবেচনায় মূল্যায়ন করব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কতটুকু সফল।
বুধবার বিকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আমরা দেখতে চাই ক্রীড়া আরও ত্বরান্বিত হোক। ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নিক। সেই জায়গা থেকে ক্রীড়া বিষয়ক কারিকুলামে ঢোকানোর কাজ শুরু করেছি। আগামী বছর প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির কারিকুলামে ক্রীড়া বিষয় যুক্ত হচ্ছে। ২০২৮ শিক্ষাবর্ষে পুরোপুরি ক্রীড়া বিষয় কারিকুলামে যোগ হবে। ক্রীড়া শিক্ষার জন্য মাঠ ও শিক্ষক দরকার হবে। এক্ষেত্রে মাঠের বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তাদের (ক্রীড়া মন্ত্রণালয়ের) যত রিসোর্স আছে (মাঠ খেলার উপকরণ) আমাদের স্কুলের সঙ্গে শেয়ার করবে। সেই জিনিসগুলো আমরা ব্যবহার করতে সক্ষম হবো। একই সঙ্গে পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় কিংবা অন্য কোনো খেলার মাঠ থাকলে তাদের সঙ্গে যৌথ ব্যবহারের পলিসিতে যাচ্ছি।
তিনি বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। আগামীতে ডিসি ও ইউএনওদের সঙ্গে আলোচনায় বসব, এটাকে কিভাবে আরও ত্বরান্বিত করা যায়। আলাদা একটা প্রকল্পের আওতায় আমাদের কতটা বিদ্যালয়ের মাঠ প্রয়োজন সেটি নিয়ে কাজ করব। এই তিন উপায়ে আমরা কাজ করছি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যারা প্রশিক্ষক আছেন তাদের আমাদের স্কুলের সঙ্গে শেয়ার করবেন। তারা আমাদের শিক্ষকদের প্রশিক্ষিত করবেন। শিক্ষার্থীদেরও ক্রীড়া শিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিবে। একই সঙ্গে আমরা স্কুলকেন্দ্রিক খণ্ডকালীন ক্রীড়া শিক্ষক নিয়োগের চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড–ডে মিল দেওয়ার পরিকল্পনা রয়েছে। বানরুটি, সিদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ ও ফর্টিফায়েড বিস্কুট ছাড়াও রান্না করা খাবার পাইলট প্রজেক্টে হিসেবে শুরু করা হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মতিয়ার রহমান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মাসুদ হোসেন।
স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
কর্মশালায় শ্রেণি কার্যক্রম, মনিটরিং, জবাবদিহিতা ও শিক্ষক প্রশিক্ষণ আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মানসম্মত শিক্ষক তৈরি ও শিক্ষার্থীদের জন্য উন্নত শেখার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
