ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী
Advertisement
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এম রশিদুজ্জামান মিল্লাত
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্টরা যদি আর দুই-তিন বছর থাকত, তবে বাংলাদেশ সিকিম হয়ে যেত। ফ্যাসিস্ট সরকার তাদের জুলুম ও কৃতকর্মের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সব মন্ত্রী পরিষদকে নিয়ে যেভাবে দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এ থেকে যদি আমরা কোনো শিক্ষা না নেই তবে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ আছে।
তিনি বলেন, ফ্যাসিস্টের সময় দেশের সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে তাদের ইচ্ছামতো নির্দেশনা দিয়ে কাজ করাতেন। যে কারণে আজ প্রায় ২০ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশ আজ পিছিয়ে পড়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ২০২৪ সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। আর এই পাওয়ার পেছনে যারা জীবন দিয়েছেন তাদের আমাদের স্মরণ রাখতে হবে এবং তাদের চেতনাকে ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ সময় শেরপুর জেলায় গারো পাহাড় এলাকায় পর্যটন কর্পোরেশনের পর্যটন স্পট এবং হোটেল-মোটেল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সরকারদলীয় শেরপুর-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের এমপি মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, সিভিল সার্জন ডা. মো. শাহীন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধি, বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী শেরপুর এলে সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা বিএনপির নেতারা ফুলেল শুভেচ্ছা জানান এবং আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
