‘অসমাপ্ত আত্মজীবনী’র বিক্রি বন্ধ করবে না ইউপিএল
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সরকার বা আদালত আইন অনুযায়ী নিষিদ্ধ না করা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির প্রকাশনা ও বিপণন বন্ধ করবে না ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।
প্রকাশক প্রতিষ্ঠানটি বলেছে, কোনো বই নিষিদ্ধ করার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যথাযথ কর্তৃপক্ষ আইন মেনে কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোনো চাপ বা হুমকির মুখে বই বিক্রি বন্ধ করার প্রশ্ন নেই।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাবাজারে ইউপিএলের শোরুমে ‘অসমাপ্ত আত্মজীবনী’কে নিষিদ্ধ বই দাবি করে বিপণন বন্ধের দাবিতে হামলা ও কর্মীদের হয়রানির অভিযোগের পর দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউপিএল বলেছে, সরকার বা আদালত আইন মেনে নিষিদ্ধ না করলে আমরা যে বই বিক্রি বন্ধ করব না, সেটাকে আপনারা ফোকাস করবেন।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি মনে করে, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এমন একটি ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন গ্রন্থ নিষিদ্ধ করা জাতির জন্য মর্মান্তিক হবে।
বিবৃতিতে বলা হয়, প্রকাশক হিসেবে ইউপিএল তার প্রকাশিত প্রতিটি বইয়ের দায়িত্ব নেয়। কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে হয় এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে হয়। ‘অসমাপ্ত আত্মজীবনী’র ক্ষেত্রে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইউপিএলের জানা নেই।
প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাদেশের ইতিহাসের পরিক্রমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। বাংলাদেশ সৃষ্টির ইতিহাস ও মুক্তিযুদ্ধের সূত্রপাতের বহু প্রয়োজনীয় প্রেক্ষাপট এই বইয়ে পাওয়া যায়। তাই যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বইটির প্রকাশনা ও বিপণনে হস্তক্ষেপকে জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশের জন্য ক্ষতিকর বলে মনে করে ইউপিএল।
বিবৃতিতে প্রকাশনা শিল্পে অবৈধ চাপ ও হুমকির বিরুদ্ধে লেখক, পাঠক, শিক্ষক, সাংবাদিক, প্রকাশকসহ সংশ্লিষ্ট সবার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রকাশনা শিল্পে ‘গুণ্ডামির রাজত্ব’ প্রতিষ্ঠার যে কোনো তৎপরতা রাষ্ট্র, সমাজ ও জ্ঞানচর্চার স্বার্থে প্রতিহত করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

