অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযানের নির্দেশ হাইকোর্টের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৬ বিধি এবং সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুসারে এসব কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রিটকারী পক্ষের আইনজীবী হাসানুল বান্না। একই বিজ্ঞপ্তিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের দেওয়া আরও কয়েকটি নির্দেশনার কথাও তুলে ধরা হয়েছে।
সেগুলো হচ্ছে- নীরব এলাকার (সাইলেন্ট জোনস) ক্ষেত্রে যথাযথ চিহ্ন বা সাইনর্বোড স্থাপন; শব্দ নিয়ন্ত্রণে নীরব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়; বিভিন্ন কর্মসূচি পালন ও মোবাইলে বিশেষ বার্তা দেওয়া।
এ ছাড়া শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুসারে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারা অনুযায়ী শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ, অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালু করার নির্দেশও দেওয়া হয়েছে।
পাশাপাশি শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান তুলে ধরে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে এসব নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
নির্দেশপ্রাপ্তদের তিন মাস পর পর আদালতে বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।
প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থি, বেআইনি, জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকায় এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে সে ব্যাখ্যাও চেয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী।

