বঙ্গবন্ধুর ৫১তম শাহাদতবার্ষিকী আজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু সদস্য ধানমন্ডির বাসভবনে তাকে সপরিবারে হত্যা করে। এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, মোড় ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকাসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক টহল দিতে দেখা গেছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধের সামনে পুলিশের এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও সুরক্ষিত যানবাহন মোতায়েন রয়েছে। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অস্ত্রসজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী : ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে ১৫ আগস্ট ঘিরে বড় ধরনের কোনো নাশকতার তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, এটা (১৫ আগস্ট) একটা সেনসেটিভ ডে। আমাদের সব ইউনিটেরই আলাদা প্রস্তুতি আছে। আমরা অ্যালার্ট থাকব। বড় ধরনের কোনো আতঙ্কের বিষয় নেই উল্লেখ করে তিনি বলেন, এ রকম একটার পর একটা ইভেন্ট আসতেই থাকে, আমরা ফেস করছি। রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা : এরই মধ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে এই নেতাকর্মীরা সমবেত হয়েছিলেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার প্যাট্রোলিং জোরদার করেছে র্যাব।
