Logo
Logo
×

Advertisement

জাতীয়

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:৩২ এএম

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

Advertisement

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে পাঠানো একটি চিঠিকে আবেদন হিসেবে প্রচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

পোস্টে সাইদুর রহমান লেখেন, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ পরিবেশনের প্রতিযোগিতা কখনোই টেকসই গণমাধ্যম ব্যবস্থাপনার পরিচায়ক হতে পারে না। সাংবাদিকতায় চটকদার শিরোনামের পরিবর্তে নীতি, নৈতিকতা ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা উচিত।

তিনি লেখেন, গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, সাবেক অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ পরিপ্রেক্ষিতে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বিষয়টি দ্রুত প্রক্রিয়াকরণ এবং এ জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে তাদের অবহিত করতে হাইকমিশনকে অনুরোধ করা হয়। 

চিঠিতে স্টিভেন পাউলস কেসি নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শদাতা হিসেবে উল্লেখ করেন।

পোস্টে সাইদুর রহমান লেখেন, ওই চিঠিতে শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেছেন- এমন কোনো তথ্য উল্লেখ ছিল না। অথচ দেশের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টিকে ‘শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন’ হিসেবে শিরোনাম করা হয়েছে।

তিনি লেখেন, ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে ইমেইল পাওয়ার আগেই বিদেশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি দেখা যায়। এমনকি সোমবার সকাল সাড়ে ৯টায় চিঠি পাওয়ার আগেই কয়েকজন দেশি-বিদেশি সাংবাদিক তাকে রয়টার্সে প্রকাশিত সংবাদের লিংক পাঠান। পরে ওই সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রায় অভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হয়। ‘শেখ হাসিনা দেশে ফিরতে পাসপোর্টের আবেদন করেছেন’ -এ ধরনের চটকদার সংবাদ সাময়িকভাবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করলেও দীর্ঘমেয়াদে তা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর। সাংবাদিকদের ‘শোনা কথা’, ‘জানা কথা’ কিংবা ‘সংশ্লিষ্ট সূত্রের বরাত’নির্ভর সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে মনোযোগী হতে হবে।

তিনি আরও লেখেন, বিগত ১৭ বছর বাংলাদেশের গণমাধ্যমের বড় একটি অংশ বিগত ফ্যাসিবাদের তল্পিবাহক হিসাবে কাজ করার অসংখ্য প্রমাণ আছে। সেই ‘কল্পিত সাংবাদিকতা’ থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। পূর্বের দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে মিডিয়ার ভূমিকা অপরিহার্য। সেই দায়িত্ব আমাদের দেশের মিডিয়াকে যথাযথভাবে পালন করতে হবে। বাংলাদেশের আদালত কর্তৃক একজন দণ্ডিত ব্যক্তি পাসপোর্ট পাওয়ার যোগ্য কি না-সেটি ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়েছে। বন্দি বিনিময়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য সরকারের প্রচেষ্টার কোনো ঘাটতি নাই। মিডিয়ায় কখন রাজনৈতিক স্বার্থ প্রাধান্য পায়, তখন সাংবাদিকতার মৃত্যু হয়। আধুনিক যুগে পেইড সাংবাদিকতার যে অসুস্থ খেলা শুরু হয়েছে সেটি কখনো দেশ ও জাতির জন্য শুভকর নয়। 

সাইদুর রহমান লেখেন, স্টিভেন পাউলস কেসির নেতৃত্বাধীন ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নিয়ে কিন্তু আমাদের দেশের মিডিয়াতে নিউজ নাই। অথচ এই ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠান। বিগত ১৫টি মাস এই প্রতিষ্ঠানটি বৈশ্বিক পরিসরে এ পর্যন্ত পাঁচবার বাংলাদেশ সরকারে বিরুদ্ধে কাজ করেছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার পক্ষে আবেদন করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারের বিরুদ্ধে এবং আটক সাবেক সংসদ সদস্যদের পক্ষে কাজ করেছে।

সবশেষে তিনি লেখেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে পতিত বিগত সরকারের পলাতক গোষ্ঠী নাশকতায় যুক্ত সেদিকে মিডিয়াকে বেশি বেশি নজর দেওয়া উচিত। সাংবাদিকতা ও গণমাধ্যম সমাজের ভেতরের ভালো-মন্দ, সুখ-দুঃখ, অন্যায়, অনিয়ম এবং বাস্তব চিত্র জনগণের কাছে তুলে ধরে। শাসক শ্রেণি ও দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের ওয়াচডগ বা অতন্দ্র প্রহরী বলা হয়। এক কথায় সাংবাদিকতা আমাদের সমাজের দর্পণ। এই দর্পণকে ভেঙে নিজেদের মতো করে ব্যবহারের সুযোগ নেই। দায়িত্বশীল ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্বশীল আচরণই কাম্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার পাসপোর্ট দিলেও কি ফিরবেন হাসিনা?

সরকার পাসপোর্ট দিলেও কি ফিরবেন হাসিনা?

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

‘শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’

‘শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই

পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই

রুহুল কবির রিজভী পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তালিয়ায় এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

আন্তালিয়ায় এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম