Logo
Logo
×

Advertisement

জাতীয়

৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম

৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকি

ছবি: সংগৃহীত

Advertisement

বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও রাসায়নিক পণ্যের হিসাব নিয়ে বড় ধরনের অনিয়মের তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি)। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রতিরোধ দল। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, কাপড়, রাসায়নিক ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণের সঙ্গে সংশ্লিষ্ট স্টক রেজিস্টার এবং সিবিএমএসের তথ্য যাচাই করা হয়। এতে ব্যাপক অসংগতি পাওয়া যায়। পরে এনবিআরের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অনিয়মের তথ্য পাওয়া গেছে সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে। রূপগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া বন্দরের জাহিন নীটওয়্যার্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা এবং রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

বন্ড সুবিধার আড়ালে পণ্য সরানোর অভিযোগ

রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ব্যয় কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয়। তবে এসব কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রফতানির কাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল রাজস্ব হারায়। পাশাপাশি শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।

কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে সুতা ও কাপড়ের বড় ধরনের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত থাকার তথ্য মিলেছে। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকি নির্দেশ করছে বলে জানিয়েছে সংস্থাটি।

চূড়ান্ত তদন্তে বদলাতে পারে ফাঁকির পরিমাণ

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণের কাজ চলছে।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধভাবে পণ্য সরবরাহ ও রাজস্ব ফাঁকি রোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটির আশা, এ ধরনের তৎপরতায় শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানির প্রবণতা বাড়বে এবং রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

আগামী অর্থবছর থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

শ্রমিক আন্দোলনে উসকানি সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন

না.গঞ্জে ৮১ টন কেমিক্যাল জব্দ, ৪৫ টনের হদিস নেই

গুদাম সিলগালা না.গঞ্জে ৮১ টন কেমিক্যাল জব্দ, ৪৫ টনের হদিস নেই

মারা গেছেন ‘সিআইডি’ ও ‘আহট’-র স্রষ্টা

মারা গেছেন ‘সিআইডি’ ও ‘আহট’-র স্রষ্টা

আরও পড়ুন

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠালো গ্রিস

সেই তরুণসহ ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠালো গ্রিস

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকি

৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম