জলবায়ু অর্থায়নে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
মহিউদ্দিন খান রিফাত, আনতালিয়া (তুরষ্ক) থেকে
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ। একই সময়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির।
বৈঠকে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, লবণাক্ততা বৃদ্ধি ও নিরাপদ পানীয় জলের সংকট উপকূলীয় এলাকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর অভিযোজন প্রকল্পের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে ইইউর জলবায়ু অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার বায়ুদূষণ কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
জবাবে ইইউ প্রতিনিধি প্যারিস চুক্তি ও জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত লক্ষ্যমাত্রা (এনসিকিউজি) বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, জলবায়ু অর্থায়নে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য অর্জিত হয়েছে। এখন ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। এ ছাড়া ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত ইইউর প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্যসংক্রান্ত কার্যক্রমে ৫০ শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রা বজায় রাখার বিষয়টি উল্লেখ করেন তিনি।
বৈঠকে জানান হয়, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত একটি পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত তিনটি দেশের একটি বাংলাদেশ। এ কার্যক্রমের মাধ্যমে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগযোগ্য প্রকল্প তৈরি ও প্রস্তুতে সহায়তা দেওয়া হচ্ছে।
ইইউ প্রতিনিধি আরও জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ব্রাসেলসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরবেন তিনি। পাশাপাশি ইউরোপীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ এবং ইইউর গ্যারান্টি ব্যবস্থার আওতায় বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনাও খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন পরিবহন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। আলোচনার অগ্রগতি ও সম্ভাব্য সহযোগিতা নিয়ে ঢাকায় ইইউ প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তও হয়।

