রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: মাহবুব আনাম
পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলক সংযোগ কার্যক্রম পরিদর্শনে যান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম
|
ফলো করুন |
|
|---|---|
নানা প্রতিকূলতা ও দীর্ঘ কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় প্রথম ইউনিট থেকে এই পরীক্ষামূলক সংযোগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে পরীক্ষামূলক সংযোগ কার্যক্রম পরিদর্শনে যান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। পরে বিকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পরীক্ষামূলক সংযোগ প্রদানের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব পরীক্ষা-নিরীক্ষা ও অনুমোদন শেষে বিকাল ৩টায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ দেওয়া হয়েছে। এটি দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল।
মন্ত্রী আরও বলেন, অত্যন্ত সফলভাবে এ পরীক্ষামূলক সংযোগ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে ও কমিয়ে তা ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করা হবে। আগামী বছরের জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতার এই ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদ হোসাইন এবং পাবনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খাইরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। প্রাথমিক পরীক্ষা শেষে কেন্দ্রটি সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে কারিগরি ও পরিচালনসংক্রান্ত অন্যান্য পরীক্ষা চালানো হবে।
সব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নেওয়া হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এ পর্যায়ে প্রথম ইউনিটটি রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রাথমিকভাবে হস্তান্তর করা হবে। পরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালন সংস্থা হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা জানান, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে দেশের সামগ্রিক বিদ্যুৎ ঘাটতি পূরণের পাশাপাশি স্থানীয় পর্যায়ের লোডশেডিং ও বিদ্যুৎ সমস্যাও দূর হবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
