মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের আগামীকাল মঙ্গলবার দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে সরকার। রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথিশালায় এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় ব্রিফিং শুরু হতে পারে। এতে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তবে ব্রিফিংয়ের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলেই তাকে গ্রেফতার করে হবে বলে রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই গ্রেফতার হবেন। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামিকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিক। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।’
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ঘিরে আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে নেমেছেন। চলতি মাসে দলটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের সমর্থনে এক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনের ডাক দেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮ জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
শামা ওবায়েদ এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়া দলের’ টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এসব সহিংসতার জন্য দায়ী।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ ক্ষুণ্ন না করে নয়াদিল্লির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় ঢাকা।
শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের জন্য কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করা প্রয়োজন, তা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে।’

