ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস থেকে
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাতিসংঘে সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলার বিষয়ে আলোচনা হয়।
ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠকে জাতিসংঘে কার্যকর বহুপক্ষীয় ব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলায় দুই দেশের সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ওই বিবৃতি প্রকাশ করে বৈঠকের আলোচ্য বিষয়গুলো তুলে ধরে।
বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার অঙ্গীকারের বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে সমন্বয়, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াই এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো নিয়ে আলোচনা
বৈঠকে জাতিসংঘে কার্যকর বহুপক্ষীয় ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন সংঘাত ও আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে গুরুতর অপরাধ ও মানবিক সংকটের ঘটনায় আন্তর্জাতিক পদক্ষেপ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে দুই দেশের মধ্যে সমন্বয় নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট ও দায়মুক্তির বিরুদ্ধে লড়াই
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্ব পাচ্ছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ
বৈঠকে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাক্ষেত্রে বিনিময় এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন খাতে ফ্রান্স ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন দুই মন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের দায়িত্ব পালনের সময় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও এ বৈঠকের প্রেক্ষাপট হিসেবে এসেছে।
উল্লেখ্য, চলতি বছরের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। তিনি একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

