Logo
Logo
×
   

রাজনীতি

ইসলামী মূল্যবোধকে জাগ্রত রেখে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: জিকে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

ইসলামী মূল্যবোধকে জাগ্রত রেখে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: জিকে গউছ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী মূল্যবোধকে জাগ্রত রেখে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই।

রোববার দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জনসভাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি নেতারা। একাধিকবার পরিদর্শন করেছেন জনসভা স্থল শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জন্য নির্ধারিত মাঠ। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সিএসএফ, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে দলীয় স্বেচ্ছাসেবীও।

রোববার দুপুরে জনসভাস্থল পরিদর্শনে গিয়ে জিকে গউছ বলেন, একটি চক্র এখনও দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত আছে। আওয়ামী লীগ যেন প্রশাসনের দৃষ্টি এড়িয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য প্রশাসন তাদের যথাযথ দায়িত্ব পালন করবে- সেটি তাদের প্রতি আমাদের অনুরোধ। গত ১৭ বছর আওয়ামী লীগের মামলা-হামলা মোকাবেলা করে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার অধিকার আদায়ে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে জীবনের চেয়েও ভালোবাসি। আমরা আমাদের দায়িত্ব সর্বোচ্চ পালন করব। আমরা যার যার অবস্থান থেকে প্রত্যেকেই স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, এমএফ অলি, পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদল আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। এর আগে তিনি সিলেট ও মৌলভীবাজারে জনসভায় বক্তব্য দেবেন এবং দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .