Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাংস্কৃতিক আগ্রাসনের স্থানীয় এজেন্ট ছিল ফ্যাসিস্ট শাসনামল: রিজভী

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

সাংস্কৃতিক আগ্রাসনের স্থানীয় এজেন্ট ছিল ফ্যাসিস্ট শাসনামল: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কালচার ফর ইউনিটি বাংলাদেশ আয়োজিত ‘লালনের তিরোধান দিবস–লালনের গান, মানুষের গান, মুক্তির গান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৬-১৭ বছরে বাংলাদেশকে একমুখী করার চেষ্টা হয়েছে। নীরবে-নিভৃতে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় এজেন্টের ভূমিকা পালন করেছে রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করে রাখা ফ্যাসিস্ট শাসনামল।

তিনি বলেন, আমাদের ওপর দিয়ে নানাভাবে সাংস্কৃতিক আগ্রাসনের প্রচেষ্টা চলবে। কিন্তু আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার গ্যারান্টি হচ্ছে আমাদের স্বজাতির যে সাংস্কৃতিক গভীরতা আছে, সেটির উদ্ঘাটন করা, উন্মোচন করা, চর্চা করা এবং অনুশীলন করা।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কালচার ফর ইউনিটি বাংলাদেশ আয়োজিত ‘লালনের তিরোধান দিবস–লালনের গান, মানুষের গান, মুক্তির গান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন বক্তব্য দেন।

রিজভী বলেন, সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে পারলে, এটাকে দমিয়ে নিতে পারলে রাজনৈতিক সম্প্রসারণটা কঠিন হয় না। এটা সহজ হয়, যদি আগে সংস্কৃতিকে আজ্ঞাবাহী করে তোলা হয়, আমাদের। এই ১৬-১৭ বছরে তাই হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার কথা বলে দিল্লির প্রতি দাসত্ব করা হয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য সবকিছু বিলীন করা হলেও স্বাধীনতার চেতনার কথা বলা হয়েছে। 

রিজভী আরও বলেন, একটি জাতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার সার্বভৌমত্ব কতটা শক্তিশালী। সেই সার্বভৌমত্বকে খুব ধীরে ধীরে দুর্বল করার জন্য যে চেষ্টা চালানো হয়েছে ১৬-১৭ বছর ধরে, তাদের বিভিন্ন অঙ্গসংগঠন দিয়ে সেই চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় সিনেমা অবাধে প্রদর্শনের সুযোগ দেওয়াকে সাংস্কৃতিক আগ্রাসনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, বাংলাদেশের সংস্কৃতি ও চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় এ বিষয়ে যথেষ্ট প্রতিবাদ হয়নি।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পানির হিস্যা নিয়ে দেশপ্রেম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে তাকে আক্রমণ করে হত্যা করা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও পানির অধিকার রক্ষার কথা বলার কারণে একজন শিক্ষার্থীকে কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

রিজভীর বলেন, তরুণেরা সাংস্কৃতিক আগ্রাসনের বিষয়টি বুঝতে পেরেছেন। তাদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা এবং নিজস্ব সংস্কৃতি নিয়ে ভাবনার বিকাশ ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেতনার প্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, একটি সরকার যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যখন অপরাধ করে, হত্যা-গুম-খুনের মতো ভয়ংকর মানবতাবিরোধী কাজ করতে থাকে, তার বিরুদ্ধে গণজাগরণ তৈরি হয়।

ভারতের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে অন্য দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা করা সঠিক নয়। বাংলাদেশের গণ-অভ্যুত্থান ছিল নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে জনগণের জেগে ওঠার প্রকাশ। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। এগুলোর চর্চা হলে তা বিশ্বের সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

লালন ফকিরের দর্শন তুলে ধরে তিনি বলেন, ইউরোপের রেনেসাঁর মতো প্রাতিষ্ঠানিক ঐতিহাসিক প্রক্রিয়া বাংলাদেশে না ঘটলেও এ দেশের মাটি থেকেই মানবতা, সাম্য ও জাতপাতের বিভেদবিরোধী দর্শনের বিকাশ ঘটেছে। লালনের দর্শনে মানুষকে জানা ও নিজেকে চেনার যে আহ্বান রয়েছে, তা বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরতাকে তুলে ধরে। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম বলেন, লালনের দর্শনের মূল বার্তাই ছিল মানুষ। সারাজীবন তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। বর্তমান সময়ে চারদিকে হিংসা ও হানাহানির মধ্যে লালনের সাম্য ও অহিংসার বাণী পথ দেখাতে পারে। লালনের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হতে পারলেই শান্তি খুঁজে পাওয়া সম্ভব।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে শুধু গণতন্ত্রই হরণ করা হয়নি, সাংস্কৃতিক অধিকারও হরণ করা হয়েছিল। অতীতে মানুষের ওপর ভিনদেশি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সংস্কৃতিচর্চা নানা উপায়ে বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

কাজী জেসিন বলেন, মুক্ত সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করে দেওয়া বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

জগন্নাথ হলের ট্র্যাজেডি: ৪০ প্রাণের স্মৃতিতে শোকাতুর ঢাবি

জগন্নাথ হলের ট্র্যাজেডি: ৪০ প্রাণের স্মৃতিতে শোকাতুর ঢাবি

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

আরও পড়ুন

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট ঘোষণা

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট ঘোষণা

সাংস্কৃতিক আগ্রাসনের স্থানীয় এজেন্ট ছিল ফ্যাসিস্ট শাসনামল: রিজভী

সাংস্কৃতিক আগ্রাসনের স্থানীয় এজেন্ট ছিল ফ্যাসিস্ট শাসনামল: রিজভী

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম