তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. তাজুল ইসলাম ব্যাপারীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে সংগঠনটি। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে মো. তাজুল ইসলাম ব্যাপারীকে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ, প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী তাজুল ইসলাম ব্যাপারীর সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে নির্দেশক্রমে তার বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
