অভিমান থেকে পদত্যাগ করেননি ওসমান ফারুক, নেপথ্যে অন্য কারণ...
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
ওসমান ফারুক
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুকের সংসদ থেকে পদত্যাগ ঘিরে নানা আলোচনা চলছে।যোগ্য, সজ্জন, জনবান্ধব, সদাচারী বর্ষীয়ান এই নেতার এমপি পদ ছেড়ে দেওয়ায় অবাক হয়েছেন অনেকেই। গণঅভ্যুত্থানের পর নতুন পার্লামেন্টের পথচলার মাত্র ৯ মাসের মাথায় তার স্বেচ্ছায় সরে দাঁড়ানো রাজনৈতিক মহলে কৌতুহল তৈরি করেছে।
গুঞ্জন রয়েছে-অভিমান থেকে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক। তারেক রহমানের মন্ত্রিসভায মন্ত্রিত্ব না পেয়ে কিংবা সরকারে যথোপযুক্ত স্থানে মূল্যায়িত না হওয়া অবাক করেছিল তাকে। তবে জানা গেছে, এসবের কোনো ভিত্তি নেই। তার পদত্যাগের পেছনে রয়েছে অন্য কারণ।
ওসমান ফারুক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে ৮৬ বছর বয়সি এই নেতা চিকিৎসাধীন রয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় রাষ্ট্রপতি নির্বাচনে তিনি দলীয় প্রার্থীকে ভোটও দিতে পারেন নি।
ড. ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন। ভোট পেয়েছেন ১ লাখ ১২ হাজার। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হয়ে তৎকালীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই আসন থেকে ওসমান ফারুকই একমাত্র ব্যক্তি যিনি বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। নতুন সংসদে বেশ কিছুদিন তিনি অধিবেশনে ছিলেন। তবে খুব একটা কথা বলতে দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের বাসায় অবস্থান করে তার আকস্মিক পদত্যাগপত্র পাঠানোর ঘটনায় দল এবং দলের বাইরে নানা প্রশ্ন ও গুঞ্জনের জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীদের কারও কারও ধারণা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে গুরুত্বপূর্ণ কোনো পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ না পেয়ে অভিমান থেকেই তিনি পদত্যাগ করেছেন। বিষয়টি জানতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ড. ওসমান ফারুকের হোয়াটসঅ্যাপ ও রোমিং নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে অভিমানের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন তার ঘনিষ্ঠ স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। ড. ওসমান ফারুকের ঘনিষ্ঠ আত্মীয় ও সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মিজবাহ উদ্দিন আহমেদ টুটুল যুগান্তরকে বলেন, এসব কিছুই নয়। পদ-পদবি বা দায়িত্ব পাওয়া না-পাওয়া নিয়ে তার কোনো ক্ষোভ বা মান-অভিমান নেই, কখনো ছিলও না। প্রকৃতপক্ষে চিকিৎসক তাকে দীর্ঘ ভ্রমণ (ট্রাভেলিং) থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার বয়সটাও তো বিবেচনায় আনতে হবে। এটাই তার পদত্যাগের প্রকৃত কারণ।
জানা গেছে, ওসমান ফারুক তার দায়িত্বের বিষয়ে অত্যন্ত সতর্ক। জনগণ যে আশায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তার অনুপস্থিতি সেই প্রত্যাশায় ব্যত্যয় ঘটাচ্ছে বলে মনে করেন তিনি। এ কারণে কিশোরগঞ্জ-৩ আসনের মানুষের উন্নয়নে তারা যেন নতুন প্রতিনিধি বাছাই করে নিতে পারেন সেই পথ তিনি প্রশস্ত করে দিয়েছেন।
পেশায় কৃষি অর্থনীতিবিদ ড. ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ২০০১ সালের ১০ অক্টোবর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান এবং ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত এ পদে ছিলেন।
বিগত সরকারের আমলে দীর্ঘ প্রায় আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন ওসমান ফারুক। সেই সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেয় বিএনপি ও এলাকাবাসী।
এর আগে ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের রাজনীতিতে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে এশিয়ার প্রখ্যাত মৃত্তিকাবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ ওসমান গণির। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে সবাইকে চমকে দেন। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমন্ত্রণ সত্ত্বেও সরকারের কোনো মন্ত্রিত্ব বা পদ গ্রহণ না করে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবেই এলাকা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। ওসমান গণি ছিলেন ওসমান ফারুকের বাবা।
ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি খালেদা জিয়ার ডাকে দলটিতে যোগ দিয়েছিলেন।

